নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তীব্র গরমে বেশ কিছু স্কুল পড়ুয়ার অসুস্থ হয়ে পড়ার ঘটনা সামনে আসছে। এ ধরনের সম্ভাবনা কমাতে দুপুরে খেলাধুলো বা শারীরিক পরিশ্রম হয় এমন কাজ এবং শারীরশিক্ষার ক্লাস করানো থেকে পড়ুয়াদের বিরত রাখার নির্দেশ দিল বিকাশ ভবন। এই সময়ে বাইরে থাকলে রোদে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আবার তাৎক্ষণিক বিপদ না হলেও ডিহাইড্রেশনের শিকার হতে পারে কোনও পড়ুয়া। সেক্ষেত্রে পেট খারাপ থেকে শুরু করে পেশিতে টান ধরা অনেকরকম সমস্যাই হতে পারে। সেই কারণে বিকাশ ভবনের এই বিজ্ঞপ্তি বলে জানা গিয়েছে। মালদহের সিএমওএইচ আবার বিএমওএইচদের নির্দেশ দিয়েছেন, জেলায় তীব্র দাবদাহের কারণে এসআইদের সঙ্গে আলোচনা করে তাঁরা যেন একটি মেডিক্যাল টিম তৈরি রাখেন। কোনও পড়ুয়া গরমে অসুস্থ হয়ে পড়লে যেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। শিক্ষকদের একাংশ অবশ্য সরকারের এই মনোভাবকে সমর্থনই করছে। তাঁদের বক্তব্য, লম্বা গ্রীষ্মাবকাশের পরে কিছুটা কষ্ট হলেও সতর্কতা মেনে স্কুল চালিয়ে যাওয়া উচিত। ছুটি দিলে পঠনপাঠন শিকেয় উঠবে। সিলেবাসও শেষ হবে না। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদেরও তাপপ্রবাহ এবং দাবদাহের সময় সন্তানদের নিয়ে সতর্ক থাকতে হবে। তারা যাতে বেশি করে জল খায়, প্রয়োজনে গ্লুকোজ, ওআরএস পান করে, সেদিকে নজর রাখা উচিত।



