Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রার্থী বদলেও স্বস্তি নেই, ময়নাগুড়িতে মহাসংকটে বিজেপি

প্রার্থী বদলেও স্বস্তি নেই, ময়নাগুড়িতে মহাসংকটে বিজেপি
  • ৩১ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: এ যেন 'শ্যাম রাখি না কুল রাখি' অবস্থা! ২৬'এর মহারণে প্রার্থী দিতে গিয়েই মহা সংকটে বিজেপি। জেলায় জেলায় চলছে কর্মী-সমর্থকদের বিক্ষোভ। চাপের মুখে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি আসনে প্রার্থী বদল করেও শেষরক্ষা হল না পদ্ম পার্টির। বেআব্রু হয়ে পড়ল আদি-নব্য বিবাদ। 'দলবদলু' টিকিট পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন পুরনো দিনের কর্মীরা। উঠেছে বিপুল টাকার বিনিময়ে টিকিট বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগও। 

Advertisement

আজ প্রকাশিত হয়েছে বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা। তাতে ১৩ জনের নাম আছে। এছাড়া ময়নাগুড়ি আসনে প্রার্থী বদল করল পদ্ম শিবির। কয়েকদিন আগে ওই কেন্দ্রে প্রার্থী হিসেবে বিদায়ী বিধায়ক কৌশিক রায়ের নাম ঘোষণা করা হয়েছিল। তাতে অসন্তুষ্ট ছিলেন দলেরই একাংশ। তাঁদের দাবি ছিল কৌশিক রায়কে অবিলম্বে বদল করতে হবে। এবার কর্মীদের বিক্ষোভের জেরে সেই দাবিকেই মান্যতা দিল দল। মঙ্গলবার ময়নাগুড়ি আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। এবার টিকিট দেওয়া হল ডালিম রায়কে। । তিনি দলের প্রাক্তন জলপাইগুড়ি জেলা সম্পাদক। 

ডালিম একসময় তৃণমূল করতেন। ৯ বছর আগে বিজেপিতে যোগ দিয়েছেন। দলবদলু ডালিমকে প্রার্থী করায় ক্ষুব্ধ ময়নাগুড়ির আদি বিজেপি কর্মীদের একাংশ। পাশাপাশি কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল শিবিরও,  ২০১৮ সালে পঞ্চায়েত সমিতিতে এবং ২০২২ সালে পুরসভায় ভোটে লড়েও জিততে পারেননি। এবার বিধানসভায় হেরে তিনি হারের হ্যাট্রিক করবেন এমনটাই জানান তাঁরা।

অপরদিকে, কৌশিক রায়কে প্রার্থী তালিকা থেকে সরিয়ে দেওয়ায় বিজেপির বিদায়ী বিধায়কের অনুগামীরা পাল্টা আন্দোলনে। ৪২ লক্ষ টাকায় ময়নাগুড়িতে দলের প্রার্থী পদের টিকিট বিক্রি হয়েছে বলে তোপ কৌশিক অনুগামীদের। এদিকে, স্বামীর নাম প্রার্থী তালিকা থেকে সরে যেতেই চোখে জল কৌশিক রায়ের স্ত্রী সোনি রায়ের। তিনি জানান, 'বিজেপি এটা নীতি বিরুদ্ধ কাজ করল'।

Advertisement
সম্পর্কিত সংবাদ