Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আগামী বছর পুজোয় রাস্তার উপর ওভারহেড গেট নয়: সিপি

আগামী বছর দুর্গাপুজোয় বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় রাস্তার উপর ওভারহেড গেট করা যাবে না।

আগামী বছর পুজোয় রাস্তার উপর ওভারহেড গেট নয়: সিপি
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আগামী বছর দুর্গাপুজোয় বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় রাস্তার উপর ওভারহেড গেট করা যাবে না। গেট করতে হবে এক পাশে, নিরাপত্তা বিধি মেনে। তবে যে সব গেট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, পূর্তদপ্তর তার সেফটি অডিট করবে। বৃহস্পতিবার সন্ধ্যায় নৈহাটির ঐকতান মঞ্চে পুলিশ কমিশনারেটের নর্থ ডিভিশনের সমস্ত পুজো কমিটির সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন নগরপাল মুরলীধর শর্মা। তিনি বলেন, পুজো কমিটিগুলিকে কয়েকটি বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এই গেট তৈরি করা। গেটের জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটে। তাই রাস্তার উপর গেট করা যাবে না। রাস্তার একধারে করতে হবে। বর্তমানে যেগুলি হয়েছে, তা কতটা শক্তপোক্ত খতিয়ে দেখবে পূর্তদপ্তর।

Advertisement

এছাড়াও তিনি জানিয়ে দেন, বড় পুজো কমিটিগুলিকে যত বেশি সম্ভব সিসি ক্যামেরা লাগাতে হবে। পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই মতো ব্যবস্থা রাখতে হবে। জল নিকাশির ব্যবস্থা ভালোমতো করতে হবে। পুলিশের পক্ষ থেকে সাইবার এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ে পোস্টার দেওয়া হবে পুজো কমিটিগুলিকে, সেই পোস্টার লাগাতে হবে। এছাড়াও পুরসভার পক্ষ থেকে মানুষকে সচেতন করতে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য পোস্টার লাগানো হবে। গঙ্গার ঘাটগুলিতে আলোর ব্যবস্থা করতে হবে। পুজোয় মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন। বারাকপুর পুলিশ কমিশনারেটের নর্থ ডিভিশনের উদ্যোগে এদিন ন’টি থানার ৯০টি পুজো কমিটিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এক লক্ষ দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হল। সেই অনুষ্ঠানে পুলিশ কমিশনার ছাড়াও অতিরিক্ত জেলাশাসক মণীশ মিশ্র, মহকুমা শাসক সৌরভ বারিক সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ