Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬

‘আন্দোলন করলেই কেউ দেশদ্রোহী হয়ে যায় না’, এবার যুব প্রজন্মের পাশে ভাগবত

জেনজি আন্দোলন তো বটেই, আন্দোলনকারীদের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন জ্ঞাপন করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

‘আন্দোলন করলেই কেউ দেশদ্রোহী হয়ে যায় না’,  এবার যুব প্রজন্মের পাশে ভাগবত
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জেনজি আন্দোলন তো বটেই, আন্দোলনকারীদের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন জ্ঞাপন করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।  তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, জেনজি যে আন্দোলন করেছে সেটি সম্পূর্ণ ঠিক করেছে। বিক্ষোভকারীদের দাবি, ক্রোধ এবং নালিশ, প্রত্যেকটি যুক্তিযুক্ত বলে অভিহিত করেছেন তিনি। মোদি সরকারকে রীতিমতো বিব্রত করে ভাগবত বলেছেন, পুলিশ দমনপীড়ন চালিয়েছে বলে যে অভিযোগ,  তার সম্পূর্ণ তথ্য আমার কাছে নেই। কিন্তু আমাকে যদি পক্ষ নিতে বলা হয়, তাহলে যে কোনও আমি জেনজির পক্ষেই থাকব। আন্দোলন করেছে বলেই জেনজি দেশদ্রোহী হয়ে গেল, এরকম মোটেই নয়। একইসঙ্গে সংরক্ষণের পক্ষেও সওয়াল করেছেন তিনি। 

Advertisement

জেনজি আন্দোলনের সময় দেশজুড়ে সমর্থনের ঢেউ জোরালো হওয়ায়  বাধ্য হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও বিজেপি এবং মোদি সরকার নানারকমভাবেই বুঝিয়ে দিয়েছে যে, এই আন্দোলনকে তারা ভালো চোখে নেয়নি। বিজেপি তথা সংঘ পরিবার এই আন্দোলনে পাকিস্তানের হাত, দেশদ্রোহী অংশের গোপন যোগসূত্র, বিদেশি অর্থের আগমন এসব প্রচার করেছে। এখনও সুযোগ পেলেই কটাক্ষ করা চলছে ককরোচ জনতা পার্টির সদস্যদের নিয়ে। কিন্তু সংঘ পরিবারের সেই মনোভাবকে চরম লজ্জায় ফেলে এবং বিব্রত করে স্বয়ং আরএসএসের সরসংঘচালক আন্দোলনকারীদের পূর্ণাঙ্গ সমর্থন করলেন। 
জেনজির সঙ্গে মোদি সরকার এবং বিজেপির যে একটি দূরত্ব তৈরি হয়েছে, সেটি উপলব্ধি করেই  ভাগবত স্থির করেন, জেনজি প্রতিনিধিদের সঙ্গে তিনি মুখোমুখি কথা বলবেন। এই লক্ষ্যেই মুম্বইয়ে বৃহস্পতিবার আয়োজিত হয়েছিল ‘মাদারহুড ইন দ্য কারেন্ট এরা’ শীর্ষক একটি অনুষ্ঠান। সেখানেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জেনজি প্রজন্মের ছেলেমেয়ে ও অভিবাকদের মুখোমুখি হন ভাগবত। বিশেষ কারও নাম না করেও মোহন ভাগবত বলেছেন, কোনো নেতা কখনওই জেনজির দাবিকে উপেক্ষা করতে পারেন না এখন। আন্দোলন করেছে বলেই জেনজি দেশদ্রোহী হয়ে গেল, এরকম মোটেই নয়। প্রতিবাদ করার অধিকার গণতন্ত্রে সকলের আছে। আর প্রতিবাদই হল একপ্রকার আলোচনার রাস্তা তৈরি হওয়া। সকলের অভিমত নিতে হবে। ভাগবত বলেন, বিভাজন নয়, সংযোগ জরুরি ভারতে। তিনি বলেন, শিক্ষা কোনও ব্যবসা হতে পারে না। সুতরাং জেনজি যদি কোনও একটি সিস্টেমকে বদলে দিতে চায় আরও উন্নত করার লক্ষ্যে, সেটি অবশ্যই কাম্য ও গ্রহণযোগ্য। তাঁর কথায়, আজকের জেনজি এবং জেন আলফা আমাদের প্রজন্মের তুলনায় অনেক বেশি সৎ। আমাদের সময় আমরা গুরুজনের কথা মেনে চলতাম। প্রশ্ন করতাম না। কিন্তু এই প্রজন্ম প্রশ্ন করে। কারণ তাঁরা যুক্তিপূর্ণ উত্তর চায়। ভাবগত বলেন, জেনজি ভবিষ্যৎ। তাদের উত্তর দিতে হবে। আর তাদের সুপারিশ অথবা দাবিগুলি কার্যকর করতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ