নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্য সরকার ফের মামলা পিছনোর আবেদন জানালেও সোমবার সুপ্রিম কোর্ট তা গ্রাহ্য করল না। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চ জানিয়ে দিল, আর পিছনো হবে না। মঙ্গলবার শুনানি হবেই। প্রয়োজনে লাগাতার শুনানি করে মামলার নিষ্পত্তি করা হবে। একইসঙ্গে এদিন রাজ্য সরকারকে বিচারপতিদের মন্তব্য, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তারপরেও কেন আপনারা বকেয়া ডিএ’র ২৫ শতাংশ দেননি? জবাবে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, কীভাবে দেওয়া যেতে পারে, তার জন্য সময় লাগবে। কমিটি গঠন করে তা ঠিক হবে। যা শুনে পাল্টা বিচারপতি কারোল বলেন, গত ১৬ মে শুনানি শেষে তো ছ’ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। তার মধ্যেও কিছু করেননি কেন? মামলা আর পিছবে না। বিস্তারিত শুনানির জন্য তৈরি হন।



