অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাজার ফুটের  মধ্যে মদের দোকান নয়: হাইকোর্ট
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ১ হাজার ফুটের মধ্যে মদের দোকান থাকবে না। এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, ২০০৯ সালের শিক্ষার অধিকার আইন ও পশ্চিমবঙ্গ আবগারি আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ‘স্কুল’ হিসাবে স্বীকৃত। তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ১ হাজার ফুটের মধ্যে কোনো মদের দোকান থাকতে পারে না। 

Advertisement

সম্প্রতি একটি বিদেশি মদের দোকান অন্যত্র সরাতে চেয়ে আবগারি দপ্তরে আবেদন জানিয়েছিলেন দোকান মালিক। কিন্তু সেই আবেদন নাকচ হয়ে যায়। এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যক্তি। তাঁর বক্তব্য ছিল, বর্তমানে তিনি ভাড়া দোকানে কারবার চালাচ্ছেন। এখন নিজের জমিতে সেই দোকান সরিয়ে নিতে চান। কিন্তু যে জায়গায় দোকানটি তিনি সরাতে চাইছেন তার ১ হাজার ফুটের মধ্যে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। যে কারণে তাঁর আবেদনটি নাকচ হয়ে যায়। এরপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। সিঙ্গল বেঞ্চে মামলা করেন। কিন্তু তাঁর আবেদন খারিজ হয়ে যায়। এবার সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশ চ্যালেঞ্জ করে তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাকারীর আইনজীবী দাবি করেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা যায় না। কারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র রাজ্য স্কুল শিক্ষাদপ্তরের বিধিবদ্ধ কাঠামো অনুযায়ী পরিচালিত হয় না। সেকারণে পশ্চিমবঙ্গ আবগারি আইনের ৮ (১) নম্বর ধারায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা যাবে না। রাজ্যের তরফে পালটা দাবি করা হয়, ওই আইনের আওতায় কোনগুলি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলি হিসাবে গণ্য করা হবে সেই সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি রয়েছে। ওই বিজ্ঞপ্তিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উল্লেখ রয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বেঞ্চ রায়ে জানিয়ে দেয়, ২০১৩ সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইনে ৩ থেকে ৬ বছরের শিশুদের উন্নতির লক্ষ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্য ও প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়ে থাকে। ওই আইনের সংস্থান অনুযায়ীই রাজ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হয়েছে। ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবেই গণ্য করতে হবে। এবং আইন অনুযায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাজার মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না।