শ্যামল পাল, বাগডোগরা: মাটিগাড়া উপডাকঘরে ১০ দিন ধরে ব্যাহত গ্রাহক পরিষেবা। এতে সমস্যায় পড়তে হচ্ছে শতশত গ্রাহককে। টাকা লেনদেন অথবা অন্য কোনও পরিষেবা নিতে এসে ফিরে যেতে হচ্ছে তাঁদের। মঙ্গলবারও পরিষেবা না পেয়ে একাংশ গ্রাহক ক্ষোভ প্রকাশ করেন।

মাটিগাড়া বাজারের ভিতর মাটিগাড়া উপডাকঘরে মাটিগাড়ার বিভিন্ন এলাকা থেকে পরিষেবা নিতে আসে মানুষ। এমনকী পাহাড় থেকেও কেউ কেউ আসেন। তাঁদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ডাকঘরে এলেই লিঙ্ক নেই বলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। টাকা তুলতে না পেরে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন একাংশ গ্রাহক। এদিন বৃষ্টির মধ্যে এসেও কাজে না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
এদিন ডাকঘরে পরিষেবা নিতে আসা রমিত সিংহ নামে এক গ্রাহক বলেন, এক সপ্তাহ আগে একটি কাজে পোস্ট অফিসে এসেছিলাম। লিঙ্ক নেই বলে ঘুরিয়ে দেওয়া হয়েছিল আমাকে। দু’দিন পর পুনরায় আসলেও তখনও একই কথা বলা হয়েছিল। এদিন এলেও একই কথা বলা হল। অন্য কাজ ফেলে প্রায় প্রতিদিনই ডাকঘরে আসতে হচ্ছে। তবে কাজ হচ্ছে না। কী কারণে এই সমস্যা জিজ্ঞেস করা হলে লিঙ্ক নেই বলা হচ্ছে। কিন্তু এতদিন ধরে লিঙ্ক থাকছে না, এটা কী হতে পারে? মাটিগাড়া উপডাকঘরের পোস্টমাস্টার প্রণয় দেব বলেন, কিছুদিন ধরে সমস্ত জায়গাতেই সফটওয়্যার আপডেটের কাজ চলছে। নতুন করে সফটওয়্যারে কাজ করা হবে আগামী দিনে। ডাকঘরের বিভিন্ন কাজে বদল আসতে চলেছে। সেই কারণেই গ্রাহকদের সাময়িক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারমধ্যেও আমরা চেষ্টা করছি পরিষেবা দিতে। আশা করছি, খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে। আগামী দিনে গ্রাহকরা আরও উন্নত পরিষেবা পাবেন। নিজস্ব চিত্র