Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রানাঘাট-তাহেরপুরে একাধিক জায়গায় নো এন্ট্রি, রোগী থাকলে নিতে হবে পাস, বাইরে থেকে আসা গাড়ির জন্য থাকছে ‘ওয়ান টাইম এন্ট্রি’ পাস

দুর্গাপুজোয় ভিড় সামলাতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন।

রানাঘাট-তাহেরপুরে একাধিক জায়গায়  নো এন্ট্রি, রোগী থাকলে নিতে হবে পাস, বাইরে থেকে আসা গাড়ির জন্য থাকছে ‘ওয়ান টাইম এন্ট্রি’ পাস
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: দুর্গাপুজোয় ভিড় সামলাতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। পুজোর চারদিন ধরে রানাঘাট শহর থেকে শুরু করে তাহেরপুর-বাদকুল্লা পর্যন্ত বিভিন্ন জায়গায় কার্যকর হবে সম্পূর্ণ নো এন্ট্রি। বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নিয়ম চালু থাকবে।

Advertisement

পুরসভার সিদ্ধান্ত অনুযায়ী, রানাঘাট শহরের প্রতিটি প্রবেশদ্বারে নো এন্ট্রি গেট বসানো হচ্ছে। এই সময়ে শহরে টোটো, অটো, প্রাইভেট কার কিংবা যাত্রীবাহী বড় ও ছোট গাড়ি কোনওটিই ঢুকতে পারবে না। শুধুমাত্র বাইক ও সাইকেলের ক্ষেত্রে ছাড় থাকছে। তবে রোগী পরিবহণের জন্য টোটোকে ছাড় দেওয়া হবে। শর্ত একটাই–আগে থেকে পুর কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনুমতি নিতে হবে। নিয়মভঙ্গ করে বেরিয়ে মাঝরাস্তায় ধরা পড়লেই মোটা অঙ্কের জরিমানা দিতে হবে।
শহরের বাসিন্দারা পুজোর ছুটিতে যদি বাইরে থেকে বাড়ি ফেরেন, সেক্ষেত্রেও ‘ওয়ান টাইম এন্ট্রি’ পাসের মাধ্যমে গাড়ি নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হবে। পুরসভা সূত্রে খবর, রথতলা, কোর্টমোড়, হিজুলি, নিকাড়ি ও নাসরা সহ মোট ছ’টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই নো এন্ট্রির ব্যবস্থা থাকবে। এদিকে, তাহেরপুর-বাদকুল্লা এলাকায় বিগ বাজেটের পুজোগুলিকে ঘিরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অঞ্চলে প্রায় ২০টি বড় পুজোর আয়োজন হয়েছে। বাদকুল্লায় বিশেষভাবে নো এন্ট্রি জারি করা হচ্ছে। গাংনী থেকে খামারশিমুলিয়া পর্যন্ত সমস্ত ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। রাজ্য সড়কের ধারে বড় বড় প্যান্ডেল থাকায় বাড়তি ভিড় এড়াতে বাইককেও নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। বিকল্প রাস্তা হিসেবে অঞ্জনগড় হয়ে শান্তিপুর বাইপাস ব্যবহার করে ১২নম্বর জাতীয় সড়কে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, শান্তিপুর শহর, ফুলিয়া, বগুলা সহ আরও অন্যান্য এলাকায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুরো মহকুমাজুড়ে কয়েকশো পুলিশ মোতায়েন করা হচ্ছে। ট্রাফিক নিয়ন্ত্রণেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসনের আশা, কড়া নজরদারিতে নির্বিঘ্নে কাটবে এবারের দুর্গাপুজো।

Advertisement
সম্পর্কিত সংবাদ