নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: তোলাবাজি নিয়ে নাজেহাল বিজেপির রাজ্য নেতৃত্ব। ক্ষুব্ধ দিল্লির নেতারাও। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বারবার হুঁশিয়ারি দিলেও তা কাজে আসছে না। জেলায় জেলায় দাপিয়ে বেড়াচ্ছে তোলাবাজরা। পরিস্থিতি নাগালের বাইরে যাচ্ছে টের পেয়ে এবার জেলায় জেলায় ঘুরতে শুরু করবেন শীর্ষনেতারা। তাঁরা জেলায় এসে বিতর্কিত নেতাদের নিয়ে ‘ক্লাস’ নেবেন। সতর্ক করার পরও কাজ না হলে বহিষ্কার করা হবে। ১৭ সেপ্টম্বর থেকে কেন্দ্র ও রাজ্যের নেতাদের জেলা সফর শুরু হবে। জেলা নেতাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি তারা নরেন্দ্র মেদির সাফল্যের কাহিনী শোনাবে। তারজন্য আলাদা কর্মসূচি নেওয়া হবে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, তোলাবাজ নেতাদের বিরুদ্ধে ইতিমধ্যে দিল্লিতে রিপোর্ট গিয়েছে। তা যাচাই পর্ব শুরু হয়েছে। এরপর ওই নেতাদের সঙ্গে জেলাতেই রাজ্যের নেতারা বৈঠক করে সতর্ক করবেন। বিজেপির এক নেতা বলেন, কড়া পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সংগঠনের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে। তবে, কড়া পদক্ষেপ নেওয়ার আগে অভিযুক্তদের আরও একবার সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোলাবাজির প্রমাণ হাতে নিয়েই রাজ্য নেতারা তাঁদের ডাকবেন। ইতিমধ্যে কয়েকজন নেতাকে শোকজ করা হয়েছে। কিন্তু জেলায় জেলায় ছড়িয়ে থাকা রাঘব বোয়ালদের শোকজ করার সাহস নেতৃত্ব দেখায়নি। তাঁদের মধ্যে কয়েকজন বিধায়ক এবং সাংসদ রয়েছে। ওই জনপ্রতিনিধিদেরকেও ডেকে সতর্ক করা হবে। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জনপ্রতিনিধিরা বেশি বিতর্কে জড়িয়েছে। দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, তোলাবাজি বন্ধে জেলা সভাপতিদের আগেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অধিকাংশ জেলাতেই সভাপতির বিরোধী গোষ্ঠী সক্রিয়। তাঁরা নিজেদের মতো করে চলছেন। সেই কারণে সভাপতি ইচ্ছে করলেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। সেই কারণেই কেন্দ্র ও রাজ্যের নেতাদের এবার জেলা সফর শুরু করতে হচ্ছে। দলের আর এক নেতা বলেন, এখনো পর্যন্ত অধিকাংশ জেলাতেই বুথস্তরের সংগঠন তৈরি করা যায়নি। এক শ্রেণির নেতারা সেদিকে নজর না দিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে উঠেছে। বালি, পাথর খাদানগুলিতে তারা বেশি সক্রিয় হয়ে উঠেছে। এছাড়া জরিমানা আদায় করছে। এলাকা দখল নিয়ে তারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছে। বারবার এধরনের অভিযোগ সামনে আসায় নেতৃত্ব অস্বস্তিতে পড়েছে। সামনেই পুরসভা নির্বাচন রয়েছে। নেতৃত্ব জানে এখন থেকেই রাশ কড়াভাবে না ধরলে পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবে। প্রতিটি জেলায় রাজ্য নেতারা গিয়ে হালহকিকত বুঝবেন। কোথায় কী দুর্বলতা রয়েছে, সেই নোট তাঁরা নেবেন। পাশাপাশি তোলাবাজ নেতাদের কড়াভাবে হুঁশিয়ারি দিয়ে তাঁরা কলকাতায় ফিরবেন। প্রবীণ বিজেপি নেতা ভীষ্মদেব ভট্টাচার্য বলেন, দলে শৃঙ্খলা ফিরবেই। তারজন্য যা যা দরকার সব পদক্ষেপ নেওয়া হবে।