Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা নেই দাঁতনে! দুর্গন্ধে নাভিশ্বাস বাসিন্দাদের

পশ্চিম মেদিনীপুর জেলার প্রাচীন জনপদ দাঁতন। সেই দাঁতনে কোনও বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা নেই। প্রতিদিন রাস্তার পাশে ডাঁই করে ফেলা হচ্ছে ময়লা।

আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা নেই দাঁতনে! দুর্গন্ধে নাভিশ্বাস বাসিন্দাদের
  • ৭ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা বেলদা: পশ্চিম মেদিনীপুর জেলার প্রাচীন জনপদ দাঁতন। সেই দাঁতনে কোনও বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা নেই। প্রতিদিন রাস্তার পাশে ডাঁই করে ফেলা হচ্ছে ময়লা। স্তুপীকৃত সেই জঞ্জালের জেরে এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। কোনও কোনও জায়গায় জাতীয় সড়কের ধারে সেই ফেলে দেওয়া জঞ্জালে আগুন লাগিয়ে দিচ্ছেন মানুষজন। ফলে বিষাক্ত ধোঁয়ায় ভরে যাচ্ছে এলাকা। ব্লক প্রশাসনের তরফে বেশ কয়েকটি এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের ঘর তৈরি হলেও সেগুলি চালু না হওয়ায় বিপাকে পড়ছেন দাঁতনবাসী। 

Advertisement

ইতিহাস বিজড়িত দাঁতনের শুধুমাত্র বাজার এলাকাতেই বাস লক্ষাধিক মানুষের। দাঁতন বাজার এলাকায় রয়েছে গ্রামীণ হাসপাতাল, আদালত, থানা থেকে শুরু করে একাধিক প্রতিষ্ঠান। কালী চন্ডী এলাকায় রয়েছে সাপ্তাহিক হাট ও প্রাত্যহিক বাজার। এছাড়াও কয়েক হাজার ছোট, বড় দোকান রয়েছে ওই দাঁতন বাজার এলাকায়। প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য জমা হচ্ছে ওখানে। এছাড়াও রয়েছে এলাকার বাসিন্দাদের বাড়ির আবর্জনা। 
স্বভাবতই এই বিপুল পরিমাণ বর্জ্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দাঁতনবাসীর। ময়লা ফেলার সঠিক জায়গা না থাকার জন্য রাজ্য সড়ক কিংবা জাতীয় সড়কের ধারে বিভিন্ন জায়গায় প্রতিদিন ফেলা হচ্ছে সেই আবর্জনা। তার থেকেই ছড়াচ্ছে দুর্গন্ধ ও রোগ জীবাণু। 
দাঁতনের বাসিন্দা বিরুপাক্ষ পান্ডা বলেন, দাঁতনের প্রাত্যহিক বাজার থেকে যে বিপুল পরিমাণ আবর্জনা জমা হয়, তা নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করলে ভালো হত। মূলত মাছবাজার থেকে শুরু করে মাংসের দোকানের আবর্জনার পচা দুর্গন্ধে ভরে যায় গোটা এলাকা। যার জেরে এলাকাবাসীর পক্ষে তিষ্টনো দায় হয়ে গিয়েছে। অপর বাসিন্দা সন্তু জানা বলেন, ইতিহাস বিজড়িত আমাদের এই দাঁতন ধারে ভারে অনেকটাই বেড়েছে। তাই এখানে প্রতিনিয়ত বাড়ছে আবর্জনা। প্রশাসনের তরফে সেগুলি ফেলার ব্যবস্থা করলে সুবিধা হয়।
প্রশাসন সূত্রে খবর, দাঁতন ১ ব্লক জুড়ে একাধিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শুরু হয়েছে। দাঁতন বাজার থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হাসিমপুর এলাকায় তৈরি হয়েছে একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ঘর। দীর্ঘদিন তা তৈরি হয়ে থাকলেও এখনও সেখানে ময়লা ফেলা শুরু হয়নি। পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র বলেন, প্রকল্পের কাজ শুরু করার জন্য ডিসেম্বর মাসে সার্ভে হয়েছে। খুব শীঘ্রই এই সমস্যার সমাধানে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ