Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আপাতত নেই বৃষ্টির সম্ভাবনা, রাজ্যের আবহাওয়া স্বস্তিদায়ক

কার্তিক মাসের শেষলগ্নেই রাজ্যজুড়ে যে শীতের আমেজ পড়েছে তা আজ শনিবারও  মোটামুটি বজায় থাকবে। তবে আগামীকাল রবিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

আপাতত নেই বৃষ্টির সম্ভাবনা,  রাজ্যের আবহাওয়া স্বস্তিদায়ক
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কার্তিক মাসের শেষলগ্নেই রাজ্যজুড়ে যে শীতের আমেজ পড়েছে তা আজ শনিবারও  মোটামুটি বজায় থাকবে। তবে আগামীকাল রবিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। তবে তাপমাত্রা বাড়লেও তা স্বাভাবিকের আশপাশে থাকবে বলে আশা করছেন তাঁরা। শুক্রবারও কলকাতাসহ রাজ্যজুড়ে শীতের আমেজের স্থিতাবস্থা বজায় ছিল। এদিনও দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল বীরভূমের শ্রীনিকেতন (১৩.২ ডিগ্রি সেলসিয়াস)। গোটা রাজ্যের নিরিখে সমতল এলাকার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা সবথেকে কম ছিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে (১৩ ডিগ্রি)। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি। কয়েকদিন ধরে পশ্চিমাঞ্চল জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির আশপাশে থাকছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি। আবহাওয়াবিদরা আশা করছেন, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রবিবার থেকে ধাপে ধাপে বাড়লেও তা ২০ ডিগ্রির মধ্যে থাকবে। রাজ্যের অন্যত্র সর্বনিম্ন তাপমাত্রার বৃদ্ধি ২-৩ ডিগ্রির মধ্যে থাকবে।  পুবালি বাতাসের জন্য বেশি মাত্রায় জলীয় বাষ্প আপাতত বায়ুমণ্ডলে ঢুকছে। রবিবার থেকে উত্তর-পূর্ব দিক থেকে বাতাস আসবে। তাই কম থাকবে তাপমাত্রা বৃদ্ধির মাত্রা। ফলে সব মিলিয়ে রাজ্যে এক বৃষ্টিহীন স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করবে আপাতত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ