Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নয়ারচরে রায়ডাকের উপর সেতু নেই, সমস্যায় ১৮টি গ্রামের প্রায় ২৫ হাজার বাসিন্দা

তুফানগঞ্জ-১ ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের নয়ারচর এলাকায় রায়ডাক নদীর উপর সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। কিন্তু আজ পর্যন্ত পূরণ হয়নি।

নয়ারচরে রায়ডাকের উপর সেতু নেই, সমস্যায় ১৮টি গ্রামের প্রায় ২৫ হাজার বাসিন্দা
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ-১ ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের নয়ারচর এলাকায় রায়ডাক নদীর উপর সেতু তৈরির দাবি দীর্ঘদিনের। কিন্তু আজ পর্যন্ত পূরণ হয়নি। অবিলম্বে সেতুর দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের যাতায়াতের একমাত্র ভরসা একটি মাত্র নৌকা। বছরের অন্যান্য সময় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করা গেলেও ভরা বর্ষায় নদী ফুলেফেঁপে উঠলে যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। স্কুল, কলেজে যেতে পারে না পড়ুয়ারা। 

Advertisement

২০১৩ সালে রায়ডাক নদীর উপর সেতু তৈরির জন্য মাটিও পরীক্ষা করা হয়েছিল। তারপর আর কাজ এগয়নি। সেতুর দাবিতে গ্রামবাসীরা বেশ কয়েকবার আন্দোলনে নামলেও আজ পর্যন্ত কোনও কাজই হয়নি। রায়ডাকে সেতু তৈরি হলে ১৮ টি গ্রামের প্রায় ২৫ হাজার বাসিন্দা উপকৃত হবেন। অসমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে।  
স্থানীয় বাসিন্দা সুভাষ বর্মন বলেন, দীর্ঘদিন থেকে সেতুর দাবি করে আসছি। প্রশাসনের কাছে বারবার আবেদন করেও লাভ হয়নি। ২০১৩ সালে একবার মাটি পরীক্ষা করা হয়েছিল। এরপর সেতু তৈরির জন্য বালি, পাথর ফেলা হয়। তারপর আর কাজ এগয়নি। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও কাজ না হওয়ায় সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করার প্রস্তুতি নিচ্ছি। 
স্কুলছাত্রী মণিকা বর্মন বলেন, বছরের বেশিরভাগ সময় জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়। বর্ষার তিনমাস স্কুলে যাওয়া বন্ধ থাকে। তখন পড়াশোনার যথেষ্ট ক্ষতি হয়। রায়ডাক নদীর উপর সেতু হলে উপকৃত হব আমরা। 
এ ব্যাপারে তুফানগঞ্জ-১ পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ বর্মন বলেন, সেতুর তৈরির বিষয়টি আমাদের নজরে রয়েছে। ইতিমধ্যে কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি ও জেলা প্রশাসনকে জানিয়েছি। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হলে সেতুর কাজ শুরু হবে বলে আশা করছি।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ