প্রীতেশ বসু, কলকাতা: জমির চরিত্র বদল (কনভারশন) করতে আর রাজ্য সরকারের আগাম অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়বে না। কৃষিজমিতে বাড়ি তৈরি বা শিল্প স্থাপন, ডাঙা বা পতিত জমির চরিত্র পরিবর্তন, বাস্তু বা শালি জমিতে শিল্প স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্রে মিলবে এই ছাড়। তবে জমির চরিত্র বদলের পর নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট ভূমি ও ভূমিসংস্কার আধিকারিককে (বিএলএলআরও) বিষয়টি নির্দিষ্ট ফরম্যাটে জানাতে হবে। এই নিয়ম আনতে ১৯৫৫ সালের পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইনে সংশোধনী আনতে চলেছে নবান্ন। ৪ ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু। সেখানেই এই সংশোধনী বিল (ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস থার্ড অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬) পেশ করা হবে। উল্লেখযোগ্য বিষয় হল, ১২টি নির্দিষ্ট ক্ষেত্রে আগাম অনুমোদনের নিয়মই বহাল থাকছে।
অভিজ্ঞ আমলাদের মতে, পশ্চিমবঙ্গে জমির চরিত্র বদলের বর্তমান প্রক্রিয়া দেশের অধিকাংশ রাজ্যের তুলনায় বেশি জটিল ও সময়সাপেক্ষ। শিল্প স্থাপনের ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে অনুমোদন দেওয়ার নিয়ম থাকলেও অন্যান্য ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ফলে ব্যক্তিগত প্রয়োজনে কেউ জমির চরিত্র বদলাতে চাইলে দীর্ঘ অপেক্ষা করতে হয়। সংশ্লিষ্ট আধিকারিকদের একাংশের গড়িমসি থাকে বলেও অভিযোগ। ইতিমধ্যে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ও বিহারে ল্যান্ড কনভারশনের আগাম অনুমতি নেওয়ার নিয়ম উঠে গিয়েছে। কেন্দ্রের প্রস্তাব মেনে এবার সেই পথে হাঁটছে পশ্চিমবঙ্গও। প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে একদিকে যেমন সাধারণ জমি মালিকদের হয়রানি কমবে, শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতাও হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।
বর্তমান নিয়মে জমির চরিত্র বদলের জন্য আগাম সরকারি অনুমোদন বাধ্যতামূলক। ১০ ডেসিমেল পর্যন্ত জমির ক্ষেত্রে এই অনুমোদন দেন বিএলএলআরও। ১১ থেকে ১০০ ডেসিমেল পর্যন্ত জমির ক্ষেত্রে দায়িত্বে থাকেন মহকুমা ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক (এসডিএলআরও)। আর ১ একর বা ১০০ ডেসিমেলের বেশি জমির চরিত্র বদলে অনুমোদন দেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমিসংস্কার) বা এডিএম (এমএলআর)। এই দীর্ঘ প্রশাসনিক জটিলতা কাটাতেই আইন সংশোধন করছে সরকার। নতুন ব্যবস্থায় আগাম অনুমোদন ছাড়াই জমির চরিত্র বদলের ৬০ দিনের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে সরকারি তথ্যভাণ্ডারে নথি সংশোধনের আবেদন করতে হবে বিএলএলআরও’র কাছে। আবেদনের ৩০ দিনের মধ্যে আধিকারিককে সরকারি রেকর্ডে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। ৬০ দিনের মধ্যে বিষয়টি না জানালে অতিরিক্ত ফি’র সংস্থানও রাখা হচ্ছে।
তবে সব ধরনের জমির ক্ষেত্রে এই ছাড় মিলবে না। ১২টি নির্দিষ্ট ক্ষেত্রে আগাম অনুমোদনের নিয়মই বলবৎ থাকছে। এর মধ্যে রয়েছে পরিবেশ সুরক্ষা আইনের আওতাধীন বনাঞ্চল, উপকূলবর্তী এলাকা, নদী, পুকুর ও জলাশয় হিসাবে চিহ্নিত জমি। পাশাপাশি, পশ্চিমবঙ্গ জমিদারি অধিগ্রহণ আইন ১৯৫৩-এর ৬(৩) ধারার আওতাধীন মিল, চা বাগান, ফ্যাক্টরি বা ওয়ার্কশপের জমিও এই ছাড়ের আওতায় পড়বে না। এছাড়া, ব্যক্তি মালিকানাধীন হলেও জনসাধারণের ব্যবহারের জন্য নির্দিষ্ট জমির (যেমন খেলার মাঠ) চরিত্র বদলের ক্ষেত্রেও আগাম অনুমোদন নিতে হবে।
সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিধানসভার অধিবেশনে একাধিক বিল পেশ হবে। সূত্রের খবর, পঞ্চায়েতে পিএসসির মাধ্যমে নিয়োগ করতে এই অধিবেশনেই আসছে ‘ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট ১৯৭৩ অ্যামেন্ডমেন্ট বিল’।



