সংবাদদাতা, কাঁথি: অনিয়মিত ক্লাস নিচ্ছেন অধ্যাপক-অধ্যাপিকারা। অবিলম্বে নিয়মিত ক্লাস নেওয়া হোক। এই দাবিতে বুধবার কাঁথির দুরমুঠের দেশপ্রাণ কলেজের অধ্যক্ষের কাছে ডেপুটেশন দেয় কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। টিএমসিপি’র দাবি, দীর্ঘদিন ধরে কলেজে ক্লাস অনিয়মিত হচ্ছে। রুটিন অনুযায়ী সকাল ১০টায় ক্লাস শুরু হয়। কিন্তু, কয়েকজন অধ্যাপক-অধ্যাপিকা খুব দেরি করে কলেজে আসছেন। ছাত্রছাত্রীরা ক্লাসে বসে শুধু সময় কাটাচ্ছে। প্রত্যন্ত গ্রাম থেকে অনেক ছাত্রছাত্রী কলেজে পড়াশোনা করতে আসে। শিক্ষক-শিক্ষিকাদের অনিয়মিত ক্লাসের জন্য তারা কলেজ বিমুখ হয়ে পড়ছে। তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। অবিলম্বে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়। এছাড়া অন্যান্য দাবিদাওয়াও তুলে ধরা হয়। টিএমসিপির ইউনিট সভাপতি নিমাই দাস বলেন, বারবার কলেজ কর্তৃপক্ষকে এবিষয়ে জানালেও কোনও কাজ হয়নি। দাবি পূরণ না হলে আমরা আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পথে যাব। আমরা অধ্যক্ষ ছাড়াও কলেজে পরিচালন সমিতিকেও বিষয়টি জানিয়েছি। এবিষয়ে কলেজের অধ্যক্ষ সুবিকাশ জানা বলেন, দাবিপত্র পেয়েছি। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। সেইমতো পদক্ষেপ করা হবে।



