Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নিকাশি বেহাল, সুপারস্পেশালিটি ব্লকের একাধিক শৌচাগার বন্ধ

নিকাশি বেহাল, সুপারস্পেশালিটি ব্লকের একাধিক শৌচাগার বন্ধ
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিক্যালের সুপারস্পেশালিটি ব্লকে জল নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। সঠিকভাবে নিকাশি না হওয়ায় বেশিরভাগ শৌচালয় বন্ধ করে রাখতে হয়েছে। নিকাশিনালা পরিষ্কার না করায়  নালার জল ছড়িয়ে পড়ছে হাসপাতালের ইমার্জেন্সি ও আউটডোরের গেটের সামনেও। ফলে সেই জল-কাদা পেরিয়ে রোগী, চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের হাঁটা চলা করতে হচ্ছে।
Advertisement
মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, একমাস হতে চললেও এই সমস্যা মেটেনি। নিত্যদিন হাসপাতালের সামনে জমে থাকা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে সবাইকে। এমনকী, এই নর্দমার জলের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রোগীদের খাবারও। মেডিক্যালের মেডিসিন ও সার্জিক্যাল দুই বিভাগে শৌচালয় ব্যবহারের ক্ষেত্রেও তৈরি হয়েছে সমস্যা। শৌচালয়ে ব্যবহৃত জল সঠিকভাবে নিকাশি না হওয়ায় শৌচালয়ের তা জমে থাকছে। সমস্যায় পড়তে  হচ্ছে রোগীদের।
এই ব্যাপারে রায়গঞ্জ মেডিক্যালের চিকিত্সক পড়ুয়া শাওন রেজা বলেন, আমাদের প্রতিদিন মেডিক্যালে আসতে হয়। নালার নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হয়। অনেকদিন ধরেই এই সমস্যা তৈরি হয়েছে। দ্রুত সমাধান হলে ভালো হয়। অন্যদিকে, মেডিক্যালের সার্জিক্যাল বিভাগে ভর্তি এক রোগী বলেন, শৌচাগার ব্যবহারের মত পরিস্থিতি নেই। বেশিরভাগ শৌচাগার বন্ধ করে রাখা হয়েছে। দুর্গন্ধে টেকা যাচ্ছে না।
কিন্তু মেডিক্যালের এই অব্যবস্থার কারণ কী? মেডিক্যালের তরফ থেকে জানা গিয়েছে, সুপারস্পেশালিটি ব্লকের দায়িত্বে রয়েছে একটি সরকারি সংস্থা। সেই সংস্থা যে ঠিকাদার সংস্থাকে দায়িত্ব দিয়েছে, তাঁরা ঠিকমত কাজ করছে না। জলের পাইপগুলোয় আবর্জনা জমেছে। সেগুলি পরিষ্কার করার জন্য বারবার মেডিক্যালের তরফ থেকে জানানো হয়েছে। শো-কজ করা হয়েছে মেডিক্যাল ও স্বাস্থ্যদপ্তরের তরফে। তারপরও ওই সংস্থার হেলদোল নেই বলে অভিযোগ।
এই ব্যাপারে রায়গঞ্জ সুপারস্পেশালিটি ব্লকের দায়িত্বে থাকা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রত্যার্ঘ কুণ্ডু বলেন,শৌচালয়ের মেঝে ও প্লাম্বিংয়ের কিছু সমস্যা থাকায় জল নিকাশিতে সমস্যা হচ্ছে। সেগুলো সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে করতে হবে। কিন্তু, এখনও কোনও কাজ হয়নি। রায়গঞ্জ মেডিক্যালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, আমরা ওই সংস্থাকে বহুবার জানিয়েছি, চিঠি করেছি। তা সত্ত্বেও তারা কোনও কাজ করেনি। 
সম্পর্কিত সংবাদ