Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

নকল সার বিক্রিতে আন্তঃরাজ্য যোগের সম্ভাবনা

নকল সার বিক্রিতে আন্তঃরাজ্য যোগের সম্ভাবনা
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: গোয়ালপোখরে ভেজাল সার কারখানার হদিশ মিলতেই আন্তঃরাজ্য চক্রের যোগ থাকার সম্ভাবনা ভাবিয়ে তুলেছে পুলিসকে। কারণ ওই কারখানায় শুধুমাত্র লবণের সঙ্গে লাল রঙ মিশিয়ে দেদার তৈরি হচ্ছিল ভেজাল পটাশ সার। যা দেখতে একেবারে আসলের মতোই। এখানেই থেমে না থেকে চক্রীরা নামি কোম্পানীর বস্তাও ব্যবহার করত ভেজাল সার বাজারে পাঠানোর জন্য। এক কৃষি আধিকারিকের কথায়, এই ভেজাল সার জমিতে একবার ব্যবহার হলে উর্বরতা দীর্ঘ সময়ের জন্য নষ্ট হয়ে যেতে পারে। বিষয়টিতে তাজ্জব বনে গিয়েছেন তদন্তকারীরাও। তাঁরা মনে করছেন, ভেজাল চক্রটির শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এমন কারবার জেলার অন্যত্র থাকার সম্ভাবনা প্রবল। 
Advertisement
কৃষিদপ্তর ও পুলিস সূত্রে খবর, ভেজাল সারকাণ্ডের কিনারা করতে সবেমাত্র তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই উদ্ধার হওয়া নকল সারের নমুনা সংগ্রহ করে বহরমপুরের পরীক্ষাগারে পাঠানো হতে পারে। সেই সঙ্গে এর পিছনে মাথাদের ধরতে চালানো হচ্ছে অনুসন্ধান। ইসলামপুরের পুলিস সুপার জবি থমাস বলেন, আমরা সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখা শুরু করেছি। নজর রাখা হচ্ছে সার্বিক পরিস্থিতির উপর।
এদিকে এই কাণ্ডের পর সতর্ক দৃষ্টি রাখছে জেলা কৃষি দপ্তরও। জেলা কৃষি আধিকারিকরা সশরীরে হাজির হচ্ছেন বিভিন্ন জায়গায় সারের ডিলার ও দোকানদারদের কাছে। জেলা কৃষি আধিকারিক প্রিয়নাথ দাস বলেন, এমআরপির চেয়ে বেশি দামে সার বিক্রি, ভিনরাজ্যে চলে যাওয়া, কালোবাজারি আটকাতে নজরদারি চলছে। 
সম্পর্কিত সংবাদ