পাটনা: দলবিরোধী কাজের অভিযোগে ছ’বছরের জন্য বহিষ্কার করা হয়েছে জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) বিধায়ক অনন্ত সিংকে। এছাড়াও বহিষ্কৃত হয়েছেন তাঁর স্ত্রী প্রাক্তন বিধায়ক নীলম দেবী। রবিবার অনন্ত জানিয়েছেন, তাঁর কোনো অনুশোচনা নেই। নীতীশের হাত থেকে জেডিইউয়ের নিয়ন্ত্রণ চলে গিয়েছে। এই অবস্থায় দলের ভবিষ্যৎ সংকটে বলেও তিনি মন্তব্য করেছেন। মোকামার বিধায়ক অনন্ত এদিন বলেন, ‘নীতীশ কুমার দলটি তৈরি করেছিলেন। তিনি এখন আর দল চালানোর মতো অবস্থায় নেই। দলও এখন শেষ। অন্তত ১০টি আসনে জেডিইউ এবার সমস্যায় পড়বে। জানি না কে আমাকে বহিষ্কারের নির্দেশ দিল। মনে হয় যারা এখন দল চালাচ্ছে, তারাই এই সিদ্ধান্ত নিয়েছে।’ নতুন কোনও দলে যোগদান নয়, তিনি নিজে দল তৈরি করবেন বলে জানিয়েছেন অনন্ত। বলেছেন, ‘আমি কখনও জেডিইউ-এর কাছে ভোটে দাঁড়ানোর জন্য টিকিট চাইনি। এখন আমি বিশ্বাস করি, এই দলের কোনো ভবিষ্যৎ নেই। ভোট এলেই এটা প্রমাণ হবে।’ তবে নীতীশ কুমারের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই বলে অনন্ত জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আবার নীতীশ কুমারের সঙ্গে দেখা করব। যে দলেই থাকি ভবিষ্যতেও তাঁর কোনো সমালোচনা করব না।’



