Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

আয়ুর্বেদ দিবসের উদ্যোগ নিক সরকার, পরামর্শ নীতি আয়োগের

আন্তর্জাতিক আয়ুর্বেদ দিবসের উদ্যোগ নিক সরকারের। নীতি আয়োগের রিপোর্টে ভারতের প্রাচীন চিকিৎসার বিশ্বমুখী হওয়ার সম্ভাবনা। বিস্তারিত পড়ুন।

আয়ুর্বেদ দিবসের উদ্যোগ নিক সরকার, পরামর্শ নীতি আয়োগের
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যোগ দিবসের আন্তর্জাতিক মর্যাদা আদায় করতে সক্ষম হয়েছে মোদি সরকার। গত ১২ বছর ধরে ২১ জুন পালন হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। একইভাবে এবার আন্তর্জাতিক আয়ুর্বেদ দিবসের উদ্যোগ নিক সরকার। বৃহস্পতিবার এমনই পরামর্শ দিল নীতি আয়োগ। স্ট্র্যাটেজিক রোডম্যাপ ফর মেকিং আয়ুর্বেদা গ্লোবাল’ শীর্ষক ১১৫ পাতার এক রিপোর্ট প্রকাশ করলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী। উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের সচিব রাজেশ কোটেচা, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য উপদেষ্টা) রাজীব সেন প্রমুখ। ভারতের প্রাচীন চিকিৎসা ব্যবস্থাকে বিশ্বে স্রেফ মর্যাদা দেওয়াই নয়, বিশ্ব বাজারে ব্যবসারও প্রবল সুযোগ রয়েছে বলেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। চীন, জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রাজিলের মতো দেশে সেখানকার ট্রাডিশনাল মেডিসিনের ব্যবহার হয় প্রচুর। তাই ভারতের আয়ুর্বেদকেও সেই মাত্রায় নিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে হবে। অশোক লাহিড়ী বলেন, ট্রাডিশনাল মেডিসিনকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আমিও ছোটবেলায় গিলোই, চিরতা, ত্রিফলা খেতাম। উপকার পেতাম। এখন এসবে অনেক গবেষণা হয়েছে। ফলে আমাদের মা, ঠাকুমারা যেভাবে এসব খাওয়াতে শিখিয়েছেন, একইভাবে আমাদেরই উদ্যোগ নিতে হবে যাতে ছেলেমেয়ে, নাতিনাতনিরাও এসবের কদর বোঝে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ