নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পের (ডব্লুবিএইচএস) আওতাভুক্ত ব্যক্তিরা কল্যাণীসহ দেশের আরও চারটি এইএমস হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন। এতদিন শুধু দিল্লির এইএমএসেই তাঁদের চিকিৎসার সুযোগ ছিল। এইএমসে চিকিৎসা করানোর আগে আগাম কোনো অনুমোদন নিতে হবে না। রাজ্য অর্থদপ্তরের মেডিকেল সেল এক বিজ্ঞপ্তি মারফত জানিয়েছে, কল্যাণী ছাড়াও পাটনা, ভুবনেশ্বর, দেওঘর এবং গুয়াহাটি এইএমসে চিকিৎসার সুযোগ মিলবে। রাজ্য সরকারের কর্মী-আধিকারিক ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরা সপরিবারে এই স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পান। রাজ্যে নথিভুক্ত বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হয়। তবে এইএমসে ক্যাশলেস চিকিৎসা পাওয়া যাবে কি না সেই ব্যাপারে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ নেই। পেনশনারদের জাতীয়তাবাদী সংগঠনের আহ্বায়ক মনোজ চক্রবর্তী এই উদ্যোগের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এইএমসেও ক্যাশলেস চিকিৎসার সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছেন। এতে বিশেষ করে অবসরপ্রাপ্তদের খুব সুবিধা হবে। ক্যাশলেসের বাইরে সুবিধাপ্রাপককে প্রথমে চিকিৎসার খরচ মিটিয়ে দিতে হয়। তারপর খরচের বিল পেশ করতে হয় অফিসের কাছে। এদিকে মেডিকেল সেল আরও একটি বিজ্ঞপ্তি জারি করে ক্যানসার চিকিৎসায় অপারেশনের খরচের নতুন হার নির্দিষ্ট করেছে। রোগীর হাসপাতালে থাকার মেয়াদের ভিত্তিতে এই ব্যাপারে কয়েকটি শ্রেণি করা হয়েছে। তবে এই খরচের হার নিউ টাউনের টাটা মেডিকেল, চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউট এবং এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে প্রযোজ্য নয়। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে এই সংক্রান্ত আলাদা চুক্তি আছে।


