কমেছে এইডস আক্রান্তের হার,  কেন্দ্রীয় স্বাস্থ্য‌মন্ত্রকের পুরস্কার পাচ্ছে পশ্চিম মেদিনীপুর
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: আক্রান্তের হার তুলনামূলক কমেছে। চলতি বছরে দেশে ‘এইডস সুরক্ষিত জেলা’-র স্বীকৃতিও পেয়েছে পশ্চিম মেদিনীপুর। দেশের মাত্র ১০টি জেলা এই তালিকায় রয়েছে। আগামী ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুর সহ এই জেলাগুলিকে পুরস্কৃত করা হবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। এই সাফল্যের মাঝে দুশ্চিন্তার খবরও অবশ্য রয়েছে। চলতি বছরে জেলায় নতুন করে এইডস আক্রান্ত হয়েছেন ১১৫জন। তাঁদের মধ্যে ১০৭জন সাধারণ রোগী এবং আটজন প্রসূতি মা। তবে, আশার কথা হল, স্বাস্থ্যদপ্তরের অ্যান্টি রেট্রোভাইরাল (এআরটি) চিকিৎসার মাধ্যমে এঁরা সকলেই সুস্থ জীবনযাপন করছেন। এইডস আক্রান্ত প্রসূতিরাও সুস্থভাবে সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের নিয়মিত তদারকির মধ্যে রাখা হয়েছে বলেও জানিয়েছেন জেলার স্বাস্থ্যকর্তারা।

Advertisement

জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে জেলায় মোট এইডস আক্রান্তের সংখ্যা প্রায় ৩হাজার ৮০০। স্বাস্থ্যদপ্তরের সাফল্য হল, এঁদের সকলেই এআরটি চিকিৎসার মধ্যে রয়েছেন। তবে, নিয়মিত চিকিৎসা না করানো সহ বিভিন্ন কারণে চলতি বছরে অক্টোবর মাস পর্যন্ত জেলায় ৩২১ জন এইডস আক্রান্ত রোগীর মৃত্যুও হয়েছে। তা সত্ত্বেও এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ভালো কাজ করার জন্য ‘সুরক্ষিত’ জেলার তকমা পেয়েছে পশ্চিম মেদিনীপুর। গত সেপ্টেম্বর মাসেই জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থা (ন্যাকো)-র তরফে এই সাফল্যের কথা ঘোষণা করা হয়। 
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এইডস রোগীদের চিহ্নিতকরণ বা স্ক্রিনিং, দ্রুত রক্ত পরীক্ষার ব্যবস্থা, সঠিক সময়ে চিকিৎসা শুরু ও নিয়মিত তদারকির মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৯৫-৯৫-৯৫ লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছে। পাশাপাশি বিগত বছরগুলির তুলনায় জেলায় এইডস আক্রান্তের হার বা পজিটিভিটি রেট কমেছে।
জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, চলতি বছর জেলায় প্রায় ৩৬হাজার সাধারণ রোগী ও চার হাজার প্রসূতির এইডস পরীক্ষা করা হয়েছে। পজিটিভ বেরিয়েছে ১১৫জনের। পজিটিভিটি রেট বিগত বছরগুলির তুলনায় কম। তিনি আরও জানান, আগামী ১ডিসেম্বর নয়াদিল্লির ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টারে এইডস সুরক্ষিত জেলা হিসাবে পশ্চিম মেদিনীপুরকে পুরস্কৃত করা হবে। ইতিমধ্যেই জেলাশাসক বিজিন কৃষ্ণার কাছে আমন্ত্রণপত্র এসে পৌঁছেছে। জেলা প্রশাসন ও রাজ্য সরকারের তরফে অবশ্য আগেই পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্যদপ্তরকে সংবর্ধিত করা হয়েছে।