রামপুরহাট স্বাস্থ্যজেলায় শুরু কুষ্ঠরোগ চিহ্নিতকরণে জোর
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাট স্বাস্থ্যজেলায় শুরু হয়েছে কুষ্ঠরোগ চিহ্নিতকরণ কর্মসূচি। গত ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান আগামী ১০ডিসেম্বর পর্যন্ত চলবে। আপাতত স্বাস্থ্যজেলার রামপুরহাট-১ এবং ময়ূরেশ্বর-২ ব্লকে এই কর্মসূচি চালানো হচ্ছে। একইভাবে বীরভূম স্বাস্থ্যজেলার প্রায় সবকটি ব্লক ও পুরসভা এলাকায় এই চিহ্নিতকরণ কর্মসূচি শুরু হয়েছে। 

Advertisement

স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, আশাকর্মী ও মেল ভলান্টিয়াররা যৌথভাবে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের শরীর পরীক্ষা করছেন। কোনো সন্দেহজনক দাগ চোখে পড়ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে আশাকর্মীরা মহিলাদের এবং মেল ভলান্টিয়াররা পুরুষদের পরীক্ষা করছেন।
কারও শরীরে সন্দেহজনক দাগ ধরা পড়লে পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে নির্দিষ্ট মেডিকেল ক্যাম্প, বিপিএইচসি অথবা পিএইচসিতে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরীক্ষায় কুষ্ঠরোগ নিশ্চিত হলে নিরাময়ের জন্য বাড়ির কাছাকাছি সাবসেন্টার থেকেই বিনামূল্যে মাল্টি ড্রাগ থেরাপি সংগ্রহ করা যাবে। স্বাস্থ্যকর্মীদের মতে, এই রোগ সম্পূর্ণ সারানোর জন্য রোগীকে সর্বনিম্ন ছ’মাস থেকে সর্বোচ্চ এক বছর নিয়মিত ওষুধ খেতে হবে। রামপুরহাট স্বাস্থ্যজেলার কুষ্ঠ কনসালট্যান্ট সঞ্জয়কুমার দাস বলেন, এখনো পর্যন্ত ময়ূরেশ্বর-২ ব্লকে চারজন কুষ্ঠরোগী চিহ্নিত করা সম্ভব হয়েছে।