মেডিকেল কলেজে বিজয়গড়ের যুবতীর পেট থেকে বেরল ৯ কেজির টিউমার!
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজয়গড়ের বাসিন্দা এক যুবতীর ডিম্বাশয় থেকে বার হল ৯ কেজির টিউমার। বৃহস্পতিবার তাঁকে কলকাতা মেডিকেল কলেজে ভরতি করা হয়। শুক্রবার বেলায় প্রায় দেড় ঘণ্টার অপারেশনে বৃহদাকার টিউমারটি বার করে আনেন এখানকার স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের চিকিৎসকরা। বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ পার্থসারথি মিত্র বলেন, ‘টিউমারটির নাম হল ওভারিয়ান সিস্টিক নিওপ্লাজম। উনি অবিবাহিতা। তাই ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউবের যাতে ক্ষতি না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রেখে অপারেশন করতে হয়েছে।’ বিভাগীয় প্রধান ডাঃ তপন নস্করের অংশগ্রহণে এবং সহকারী অধ্যাপক ডাঃ মনামী রায় ও টিমের সহযোগিতায় গোটা অপারেশনটি সম্পন্ন করেন পার্থসারথিবাবু।

Advertisement

মেডিকেল সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬ মাস ধরে পেট অস্বাভাবিক ফোলা (অ্যাবডোমিনাল ডিস্টেনশন) ছিল। চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও সিটি স্ক্যান করে দেখা যায়, তাঁর ডানদিকের ডিম্বাশয়ে একটি বিশাল টিউমার রয়েছে। এদিন অপারেশন সুসম্পন্ন হয়েছে। ৮ কেজি ৮০০ গ্রামের টিউমারটি বার করে আনা হয়েছে। পরবর্তীকালে ওই যুবতীর পেটে কোনো দাগ যাতে না থাকে, তার জন্য ক্ষত সেলাইয়ের সময় ‘সাব কাট’ পদ্ধতি অবলম্বন করা হয়।