মেডিকেলের সুপার-অধ্যক্ষদের স্যুট টাই পরার নিদান স্বাস্থ্যমন্ত্রীর, ইনডোর-আউটডোর সব এসি করার নির্দেশ
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশ্বজিৎ দাস, কলকাতা: সব মেডিকেল কলেজের ইনডোর-আউটডোরে এসি বসানোর নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। এমনকি কলেজের ছাত্র সংসদের ইউনিয়ন রুমও শীতাতপ নিয়ন্ত্রিত করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এখানেই শেষ নয়। মেডিকেলের সুপার এবং অধ্যক্ষদের প্রতিদিন স্যুট-টাই পরে হাসপাতালে আসার ফতোয়াও জারি করেছেন মন্ত্রী। বৃহস্পতিবার মেডিকেল কলেজগুলির সুপার-উপাধ্যক্ষ, অধ্যক্ষ, নন মেডিকেল সহকারী ও ডেপুটি সুপার এবং নার্সিং সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ছিল তাঁর। উপস্থিত ছিলেন পূর্তদপ্তরের আধিকারিকরাও। সেখানেই এ কথা বলেন শারদ্বতবাবু। ভিসিতে বলা কথাগুলি থেকে স্পষ্ট, সরকারি হাসপাতালে পুরোদস্তুর কর্পোরেট স্টাইল চাইছেন স্বাস্থ্যমন্ত্রী। যদিও প্রায় ৭০ শতাংশ বঙ্গবাসীকে পরিষেবা দেওয়া সরকারি হাসপাতালে কর্পোরেট নিদান কতটা চলবে, সেই প্রশ্ন উঠেছে। 

Advertisement

ভিসিতে তিনি সাফ জানিয়ে দেন, প্রত্যেক মেডিকেলের সুপার-অধ্যক্ষ, এমনকি দপ্তরের শীর্ষকর্তা ডিএমই-ডিএইচএস স্যুট-টাই পরে অফিস করবেন। তাঁর নির্দেশ, সব সরকারি হাসপাতালের ওয়ার্ডে ‘ফাওলার বেড’ দিতে হবে। সিসিইউ-আইসিইউতে অটোমেটিক বা সেমি-অটোমেটিক ফাওলার বেড। প্রত্যেক রোগীর জন্য বেডসাইড লকার। খাবার আসবে আধুনিক ফুড ট্রলিতে। প্রতিটি মেডিকেল কলেজে নতুন করে রং করবার নির্দেশও দিয়েছেন মন্ত্রী। মুখে গেরুয়া রঙের কথা না বললেও দপ্তরের সূত্ররা জানাচ্ছে, আগের জমানার নীল-সাদা একেবারেই নাপসন্দ বর্তমান সরকারের। 
পঠনপাঠনের পরিবেশেও আমূল পরিবর্তন চেয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি লেকচার থিয়েটার-লাইব্রেরিও এসি হবে। চাই স্মার্ট ক্লাসরুম। রান্নাঘরে বাসন ধোয়ার কাজ হবে ডিশ ওয়াশারে। বিমানবন্দরের লাউঞ্জের মতো বাড়ির লোকজনের জন্য আধুনিক ওয়েটিং রুম হবে। প্রত্যেক মেডিকেল কলেজ কীভাবে এই কাজে এগতে চাইছে, তা ৩ ডিসেম্বরের মধ্যে ‘প্রস্তাব’ আকারে জানানোর কড়া নির্দেশও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আদর্শ হাসপাতালের মানদণ্ড স্থির করা ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথ কেয়ার প্রোভাইডার্স (এনএবিএইচ)-এসব নিয়মে লিপিবদ্ধ। কিন্তু এনএবিএইচ-এর নিয়ম অক্ষরে অক্ষরে মানলে ওয়ার্ডে দু’টি বেডের গ্যাপও যে মানতে হবে! শয্যাসংখ্যা কমবে। মেঝেতে ভরতির প্রশ্নই আসবে না। রোগীর চাপে সেও কি সম্ভব? 
নামপ্রকাশে অনিচ্ছুক পূর্ত ও স্বাস্থ্য আধিকারিকদের একাংশই জানাচ্ছেন, মন্ত্রী যা যা করতে বলছেন, তা রূপায়ণে মেডিকেল কলেজপিছু প্রায় ২০০ কোটি টাকা খরচ হতে পারে। রাজ্যজুড়ে প্রায় ৫ হাজার কোটি! আসবে কোথা থেকে? আর  ওপিডি-ইনডোর সেন্ট্রাল এসি হলে অগ্নিকাণ্ডের সময় ভয়াবহ বিপর্যয় হতে পারে। তার চেয়ে সরকারি হাসপাতালের খোলামেলা পরিবেশ বিপদ অনেকটা আটকায়। এর মধ্যেও অবশ্য পড়ুয়াদের খোঁচা দিতে ছাড়েননি মন্ত্রী। মেডিকেল কলেজের আন্দোলন প্রসঙ্গে বলেন, এখন দেখছি মেডিকেলে সবাই দাড়ি রাখছেন! তিন ইন্টার্নের সঙ্গে মাওবাদী, জেহাদি ও অতিবাম গোষ্ঠীর সংযোগ আছে বলে অভিযোগ করেন তিনি।