কান্দি হাসপাতালে এল সিটি স্ক্যান মেশিন পরিষেবা চালু হলে উপকৃত হবে বহু মানুষ
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: প্রায় আটমাস আগে কান্দি মহকুমা হাসপাতালে চালু হয়েছে ডায়ালিসিস ইউনিট। শুক্রবার সেখানে পৌঁছাল সিটি স্ক্যান মেশিনও। মেশিন দেখতে স্থানীয়রা ভিড় জমানোর পাশাপাশি দ্রুত এর পরিষেবা চালুর দাবি করেন। এই পরিষেবা চালু হলে মুর্শিদাবাদ ছাড়াও পাশের বীরভূম ও পূর্ব বর্ধমানের কিছু এলাকার বাসিন্দারা উপকৃত হবেন বলে জানা গিয়েছে।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড়বছর আগে ওই হাসপাতাল পরিদর্শনে আসেন তৎকালীন রাজ্য সরকারের স্বাস্থ্যদপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। ওই সময় কমিটির সদস্যরা স্বাস্থ্যদপ্তরের কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন। তাঁরা হাসপাতালে ডায়ালিসিস ইউনিট ও সিটি স্ক্যান পরিষেবা চালুর প্রতিশ্রুতিও দিয়েছিলেন। প্রায় আটমাস আগে হাসপাতালের নতুন ভবনে ডায়ালিসিস ইউনিট চালু হয়েছে। স্থানীয় ছাড়াও প্রতিবেশী দুই জেলার রোগীদের হয়রানি বন্ধ হয়েছে। এবার সিটিস্ক্যান মেশিন আসায় কয়েকমাসের মধ্যেই এই হাসপাতালে পরিষেবা পাওয়ার আশা করছেন বাসিন্দারা। কান্দির প্রাক্তন বিধায়ক তথা ওই হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সভাপতি অপূর্ব সরকার বলেন, পূর্বতন সরকারের আমলেই স্বাস্থ্যদপ্তর ডায়ালিসিস ও সিটি স্ক্যান মেশিনের অনুমোদন দিয়েছিল। ডায়ালিসিস ইউনিট চালুর পর এবার সিটি স্ক্যান মেশিনও হাসপাতালে চলে এসেছে। সিটি স্ক্যান মেশিন দ্রুত সরবরাহের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছিল। স্বাস্থ্যদপ্তরের কাছে অনুরোধ করা হয়েছে যাতে দ্রুত এর পরিষেবা চালু করা যায়।
কান্দি মহকুমা হাসপাতালের সুপার বিনয় রায় বলেন, এদিন সিটি স্ক্যান মেশিন এসে পৌঁছছে। নতুন ভবনে এটি ইন্সস্টল করা হবে। এরপর স্বাস্থ্যদপ্তরের অনুমতিতে এর পরিষেবা দেওয়া হবে। তবে এই প্রক্রিয়া চালু হতে কিছুটা সময় লাগবে।  নিজস্ব চিত্র