ক্যানসার চিকিৎসার সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ছে দ্য মিশন কর্তৃপক্ষ
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য পরিকাঠামোয় নতুন পালক সংযুক্ত হল। ক্যানসার চিকিৎসার জন্য আর মুম্বইয়ের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। অণ্ডাল বিমানবন্দরের কাছেই ‘দ্য মিশন হাসপাতাল’ কর্তৃপক্ষ ৫০০ শয্যার অত্যাধুনিক ক্যানসার সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলতে চলেছে। শুক্রবার এই হাসপাতালের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০ একর জমিতে এই হাসপাতাল গড়ে উঠবে। দ্য মিশন হাসপাতালের চেয়ারম্যান সত্যজিৎ বসু জানিয়েছেন, আগামী ৩৬ মাসের মধ্যেই তাঁরা হাসপাতাল গড়ে তুলবেন। মুখ্যমন্ত্রী কিন্তু এতটা অপেক্ষা করতে চাননি। তিনি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন, ২০২৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যেই এই হাসপাতাল গড়ে তুলুন। আপনারা সেটা করতে পারবেন। তার জন্য যা সাহায্যের প্রয়োজন রাজ্য সরকার করবে। 

Advertisement

হাসপাতাল উদ্বোধনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সৌমাত্মানন্দ। তাঁকে সঙ্গে নিয়েই মুখ্যমন্ত্রী এই বৃহৎ প্রকল্পের শিলান্যাস করেন। উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, শিল্পমন্ত্রী তাপস রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পূর্তমন্ত্রী অজয় পোদ্দার, সুমনা সরকার, মৌমিতা মিশ্র বিশ্বাস সহ এক ঝাঁক মন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, সাংসদ সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় সিং মাহাত সহ পশ্চিম বর্ধমান জেলার বিধায়করাও। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তাদের পরিষেবার মূল মন্ত্র স্বামী বিবেকানন্দের বাণী ‘শিব জ্ঞানে জীব সেবা’। সর্বাধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে তাঁরা প্রতিশ্রুতি দেন। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন এই হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে দুর্গাপুরে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে। এক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রকে একযোগে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।