সংবাদদাতা, বনগাঁ: ক্ষমতায় আসার পর বাল্যবিবাহ রোধ ও কিশোরীদের গর্ভবতী হওয়া রুখতে কড়া অবস্থান নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। কোনো কিশোরী গর্ভবতী হলে শ্বশুরবাড়ির সদস্যদের গ্রেপ্তারের নির্দেশিকা জারি হয়েছে। শুক্রবার স্কুলে স্কুলে পালিত হয়েছে বাল্যবিবাহ প্রতিরোধ দিবস। এই সামাজিক ব্যাধি দূর করতে সরকার নানা কর্মসূচি পালন করলেও বাস্তবের ছবিটা উলটো। পরিসংখ্যানই সে কথা জানাচ্ছে। মানুষকে সচেতন করার চেষ্টা হলেও গত ৬ মাসে বনগাঁ হাসপাতালে ১২৫ জনের বেশি কিশোরী সন্তান প্রসব করেছে। এই পরিসংখ্যান প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতি মাসে গড়ে ২০ জনের বেশি নাবালিকা মা হয়েছে। এটি মাত্র একটি হাসপাতালের পরিসংখ্যান। গোটা মহকুমায় এই সংখ্যা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।
অল্প বয়সে সন্তানের জন্ম দিতে গিয়ে নানা শারীরিক সমস্যায় পড়তে হচ্ছে মা ও সন্তানকে। কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটছে। যদিও বনগাঁ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ৬ মাসে সন্তান জন্ম দিতে গিয়ে কোনো কিশোরী-মা কিংবা শিশুর মৃত্যু হয়নি। তবে বেশ কিছু শিশু অপুষ্টির শিকার। এবিষয়ে হাসপাতাল সুপার ডাঃ কৃষ্ণচন্দ্র বড়াই বলেন, গত ৬ মাসে ১২৫ জনের বেশি নাবালিকা সন্তান প্রসব করেছে। আমরা এধরনের ঘটনা ঘটলে পুলিশকে খবর দিই। পাশাপাশি হাসপাতালের পক্ষ থেকেও মায়েদেরও সচেতন করা হয়। সূত্রের দাবি, মূলত অভাবের তাড়নায় অনেক বাবা-মা অল্প বয়সেই মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন। কিছুদিনের মধ্যেই গর্ভবতী হয়ে পড়ছেন ওই কিশোরীরা। বিশেষ করে গ্রামাঞ্চলে এই প্রবণতা বেশি।



