সিটি স্ক্যান সমস্ত মহকুমা হাসপাতালে, সব জেলা হাসপাতাল-মেডিকেল কলেজে হবে এমআরআই
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মস্তিষ্ক হোক বা মেরুদণ্ড, কিডনি হোক বা লিভার, প্রাইভেটে এক একটি অঙ্গের এমআরআই করতে গড়পড়তা খরচ ৬ থেকে ৭ হাজার টাকা। প্রথম সারির কর্পোরেট হাসপাতালে তা ছাপিয়ে যায় ১০ দশ হাজার টাকাও। খরচের দিক থেকে খুব কম যায় না সিটি স্ক্যান। এক একটি অর্গানের সিটি স্ক্যান করতে মাঝারি মানের হাসপাতালেই খরচ পড়ে আড়াই থেকে তিন হাজার টাকা। চিকিৎসকের পরামর্শমতো একসঙ্গে দুটি তিনটি অংশের করতে গেলে তা পকেট প্রায় ফুটো করে দেয়! 

Advertisement

অত্যন্ত দামি এই দুই রোগপরীক্ষাই আর কিছুদিনের মধ্যেই নিখরচায় করানো যাবে রাজ্যের সব মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালে। সিটি স্ক্যানের ক্ষেত্রে রয়েছে আরও সুখবর। এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে রাজ্যের সমস্ত মহকুমা হাসপাতাল পর্যন্ত। স্বাস্থ্যদপ্তরের পদস্থ সূত্রে এই খবর জানা গিয়েছে। 
দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যের ১৬টি মেডিকেল কলেজ এবং চারটি জেলা মহকুমা হাসপাতাল মিলিয়ে ২১টি বড়ো সরকারি হাসপাতালে এমআরআই রয়েছে। রাজ্য লক্ষ্য নিয়েছে, পশ্চিমবঙ্গের ২৫টি সরকারি মেডিকেল কলেজ এবং আরো ২টি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে শীর্ষস্তরের চিকিৎসা পরিষেবার ২৭টি জায়গাতেই হাইটেক এমআরআই মেশিন বসানো হবে। 
রাজ্যে বর্তমানে ১৪টি জেলা হাসপাতাল রয়েছে। এমআরআই রয়েছে তিন-চারটিতে। এবার বাদবাকি সবকটি জেলা হাসপাতালেও বসবে অত্যাধুনিক এমআরআই মেশিন। 
এবার আসা যাক সিটি স্ক্যান প্রসঙ্গে। মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল এবং কিছু মহকুমা হাসপাতাল মিলিয়ে রাজ্যজুড়ে বর্তমানে ৬৪টি সিটি স্ক্যান মেশিন রয়েছে বিভিন্ন সরকারি হাসপাতালে। দুর্ভাগ্যের বিষয়, সব মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান নেই। পথদুর্ঘটনা, জটিল অসুখ বিভিন্ন ক্ষেত্রে এলাকাবাসীদের গাঁটের কড়ি খরচ করে প্রাইভেট থেকে সিটি স্ক্যান করাতে হয়। নয়তো জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজে মোটা টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে শয্যাশায়ী রোগীকে নিয়ে যেতে হয়। দপ্তরের নতুন সিদ্ধান্তে সেই সমস্যা মিটবে বলেই মনে করছেন স্বাস্থ্যকর্তারা। তাঁরা জানিয়েছেন, আরও অন্তত ২৫-২৬টি জায়গায় সিটি স্ক্যান মেশিন বসলে মহকুমা স্তর পর্যন্ত সব জায়গায় ফ্রি সিটি স্ক্যান পরিষেবা দেওয়ার সম্ভব হবে। আর সেই সিদ্ধান্তই বাস্তবায়িত হতে চলেছে।