নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা: সম্প্রতি একটি জনপ্রিয় ব্র্যান্ডের বোতলজাত পানীয় জলে ক্ষতিকর জীবাণুর উপস্থিতির প্রমাণ মিলেছে। ওই ঘটনার পর নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্যদপ্তর। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া ও শিলিগুড়িতে বিভিন্ন দোকানে মজুত থাকা নানা ব্র্যান্ডের বোতলজাত জলের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে তারা। শনিবার থেকে শুরু হয়েছে নমুনা সংগ্রহের কাজ। এই প্রক্রিয়া চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। কলকাতায় সেই কাজ শুরু হচ্ছে আজ, সোমবার থেকে। আপাতত ২ ডিসেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার ৯ থেকে ১৬ নম্বর বরো এলাকায় বোতলজাত পানীয় জলের নমুনা সংগ্রহ করা হবে। পুরসভার ১ থেকে ৮ নম্বর বরো এলাকায় এই কাজ হবে ৩ ও ৪ ডিসেম্বর। সংশ্লিষ্ট পুর-আধিকারিকরা জানাচ্ছেন, এর আগে কখনো বোতলজাত পানীয় জলের গুণমান এভাবে পরীক্ষা করা হয়নি। তবে এক সময় ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গজিয়ে উঠেছিল পানীয় জলের কারখানা। বিভিন্ন অনামী সংস্থা স্বাস্থ্যবিধি ও গুণমানের তোয়াক্কা না করেই বোতলজাত পানীয় জল বাজারে আনছে—এই অভিযোগে তিলজলা-তপসিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছিল কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগের অন্তর্গত ফুড সেফটি শাখা। বেশ কিছু ক্ষেত্রে অনিয়ম ধরা পড়ায় কয়েকটি কারখানার লাইসেন্স বাতিলের সিদ্ধান্তও হয়।
ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, গোসাবা, ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের রসপুঞ্জ এবং বজবজ ২ ব্লকের নোদাখালির বিভিন্ন দোকান থেকে নামকরা একটি সংস্থার জলের বোতল সংগ্রহ করা হয়েছে। এছাড়াও নদীয়ার কৃষ্ণনগর ১ নং ব্লকে দোকানের গোডাউন থেকে নমুনা সংগ্রহ করেছেন খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা। কতদিন আগে জলের বোতলগুলি মজুত করা হয়েছিল, কী অবস্থায় রাখা আছে—এসব বিষয়ে খোঁজ নিচ্ছেন তাঁরা। যেসব জলের কোম্পানি, ডিস্ট্রিবিউটর, জল উৎপাদনকারী সংস্থা আছে, তারা কীভাবে জল ভরছে, কোথায় রাখছে, সব নিয়ম মানা হচ্ছে কি না—সরজমিনে খতিয়ে দেখছেন আধিকারিকরা। স্বাস্থ্যদপ্তর থেকে এসব জায়গায় বিশেষ অভিযান চালানোর নির্দেশও রয়েছে। জানা গিয়েছে, জলের নমুনা নিয়ে রাজ্যের জনস্বাস্থ্য ল্যাবরেটরিতে পাঠাবেন আধিকারিকরা। কী রিপোর্ট আসছে, তা জানার পর সংশ্লিষ্ট পোর্টালে আপলোড করবেন তাঁরা। এক আধিকারিক বলেন, ‘ফ্যাসাইয়ের নির্দেশ মেনে রাজ্যে এই অভিযান চালানো হচ্ছে। মানুষের স্বাস্থ্যের সুরক্ষাই আমাদের অগ্রাধিকার।’ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নমুনা জমা নেওয়ার ১৪ দিনের মধ্যে রিপোর্ট আসবে। মূলত জনবহুল অঞ্চল, বাজার এলাকা, পর্যটন স্থলকে স্ক্যানারে রাখা হয়েছে। সেসব জায়গা থেকেই সংগ্রহ করা হচ্ছে বোতলজাত পানীয় জলের নমুনা। নিজস্ব চিত্র



