সপ্তমী ও অষ্টমীতে বন্ধ সরকারি হাসপাতালের আউটডোর বিভাগ, ইমার্জেন্সি খোলা থাকবে সর্বত্র
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবারের পুজোয় সপ্তমী (রবিবার) ও অষ্টমীর (সোমবার) দিন বন্ধ থাকছে সরকারি হাসপাতালের আউটডোর। রুটিনমাফিক রবিবার সরকারি আউটডোর বন্ধই থাকে। আর দীর্ঘদিন ধরে অষ্টমীতে রাজ্যজুড়ে সরকারি হাসপাতালের আউটডোর বন্ধ থাকে। তবে সারা বছরের মতো পুজোর ক’দিনও সব সরকারি হাসপাতালের ইমার্জেন্সি চালু থাকছে। পুজোর আনন্দের মধ্যে সবদিক থেকে সতর্ক থাকতে চালু থাকবে দপ্তরের কন্ট্রোলরুমগুলি। স্বাস্থ্যভবনে দপ্তরের মেন কন্ট্রোল রুমে (০৩৩২৩৩৩৩ ০১৮০) যে কোনো জনস্বাস্থ্য সমস্যার কথা ফোন করে জানানো যাবে। যেমন, হঠাৎ করে কোনো এলাকায় ডেঙ্গু, ম্যালেরিয়া বা মশাবাহিত রোগ বেড়ে যাওয়া, জল জমার কারণে পেটের অসুখের বাড়বাড়ন্ত ইত্যাদি। দপ্তরের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘স্বাস্থ্যভবন ছাড়াও জেলায় জেলায় কন্ট্রোল রুম করা হয়েছে। কোথাও রক্ত সংকটের খবর পেলে যাতে দ্রুত সমাধান করা যায়, তার ব্যবস্থাও করা হবে। 

Advertisement

পুজোর সময় স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে কী করছে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও জনপ্রিয় সংগঠনগুলি? দেশের অন্যতম বড়ো হাসপাতাল গোষ্ঠী নারায়াণা হেলথ জানিয়েছে, পুজোর ক’দিন জনস্বার্থে তাদের মুকুন্দপুর, হাওড়া এবং চুনাভাটির হাসপাতালের ইমার্জেন্সি, ব্লাড ব্যাংক ও অ্যাম্বুলেন্স পরিষেবা চালু থাকবে। ১৯-২১ অক্টোবর আউটডোর বন্ধ থাকবে। বন্ধ থাকবে প্ল্যানড অপারেশনও। ইমার্জেন্সি ওটি অবশ্য সবসময় চালুই থাকছে। যে কোনো মেডিকেল ইমার্জেন্সিতে ১৮০০৩০৯০৩০৯ নম্বরে ফোন করা যাবে। 
নাইটিঙঙ্গেল হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রেস বার্তায় জানিয়েছে, যে কোনো ইমার্জেন্সিতে ম্যানেজার অন ডিউটির ৬২৯৩৯৯৩৪৮২ নম্বরে ফোন করা যেতে পারে। পুজোর ক’দিন তাদের ইমার্জেন্সি খোলা থাকছে। বহু চিকিৎসককেও পাওয়া যাবে। পিয়ারলেস হাসপাতাল জানিয়েছে, পুজোর দিনগুলিতে মানুষের যাতে সমস্যা না হয়, তার জন্য তাদের হাসপাতালের ইমার্জেন্সি, ইনডোর অ্যাড঩মিশন, রোগ ও রক্ত পরীক্ষা, ব্লাড ব্যাংক ও অ্যাম্বুলেন্স পরিষেবা সবসময় সচল থাকবে। বন্ধ থাকবে শুধু আউটডোর। উৎসবের আনন্দের মাঝে কারও যদি রক্তের প্রয়োজন হয়, ৯৮৩১০৬২১৫৭  নম্বরে ফোন করা যাবে। এমনই জানিয়েছেন মেডিকেল ব্যংকের সম্পাদক ডি আশিস। বেলভিউ পুজোর সময়েও ২৪ ঘণ্টা চালু থাকছে এবং সমস্ত বিভাগ খোলা থাকবে বলে জানিয়েছেন সেখানকার সিইও প্রদীপ ট্যান্ডন। রুবি হাসপাতাল জানিয়েছে, দুর্গোৎসবের মধ্যে ঩যে কোনো মেডিকেল ইমার্জেন্সিতে তাদের জরুরি হেল্পলাইন নম্বরে  (৯৮৩১১৭৯১৭৫) ফোন করা যাবে। এছাড়া ব্লাড ব্যাংক বা সেন্টারে (৬৬০১১৮০০), আউটডোরে আসা ও চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের (৬৬০১১৮০০, ৯৮৩১১৮৯২৮০) জন্যও যোগাযোগ করা যাবে।