সপ্তমীর ভোরে এটিএম মেশিন কেটে তিন লক্ষ টাকা নিয়ে চম্পট ৪ দুষ্কৃতী
  • ১৮ অক্টোবর, ২০২৬ ২১:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সপ্তমীর ভোরে এটিএম মেশিন কেটে টাকা লুট করে পালাল দুষ্কৃতীরা। রবিবার ভোরে হাওড়ার জগৎবল্লভপুরের তালতলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। লুটপাটের পর একটি সাদা স্করপিও গাড়িতে চেপে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর সাড়ে ৩টে ৪০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। প্রাথমিক অনুমান, চার যুবক এই লুটের ঘটনায় জড়িত। প্রথমে এটিএমের সিসি ক্যামেরার লেন্স ঢেকে দেওয়া হয় অথবা তাতে রং স্প্রে করে নজরদারি এড়ানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। এরপর কাটার মেশিন দিয়ে এটিএমের লক ও টাকার চেম্বার কেটে ভিতরে থাকা নগদ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা লুট করে তারা। এরপর সাদা রঙের স্করপিও গাড়িতে চেপে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, হুগলির জাঙ্গিপাড়া রোড ধরে দ্রুতগতিতে পালিয়ে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং দুষ্কৃতীরা কোন পথে পালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। সপ্তমীর সকালে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।