Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিপা ভা‌ইরাস: পুরুলিয়া মেডিকেলে দু’টি পৃথক আইসোলেশন রুম তৈরি

রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণের খবর মেলায় আগাম সতর্কতামূলক উদ্যোগ নিচ্ছে পুরুলিয়া জেলা স্বাস্থ্যদপ্তর।

নিপা ভা‌ইরাস: পুরুলিয়া মেডিকেলে দু’টি পৃথক আইসোলেশন রুম তৈরি
  • ১৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঝালদা: রাজ্যে নিপা ভাইরাসের সংক্রমণের খবর মেলায় আগাম সতর্কতামূলক উদ্যোগ নিচ্ছে পুরুলিয়া জেলা স্বাস্থ্যদপ্তর। পুরুলিয়ায় এখনও পর্যন্ত নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ মেলেনি। তবুও জেলাবাসীর সুরক্ষা নিশ্চিত করতে পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। তবে প্রশাসনের তরফে সস্পষ্ট জানানো হয়েছে, এনিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সঠিক পদক্ষেপের মাধ্যমেই এই সংক্রমণের মোকাবিলা সম্ভব।

Advertisement

জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতির গুরুত্ব বুঝে শীঘ্রই একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করা হবে। পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি সুকমল বিষয়ী বলেন, রাজ্য স্বাস্থ্যদপ্তরের গাইডলাইন মেনেই হাসপাতালে সমস্ত পরিকাঠামো প্রস্তুত রাখা হচ্ছে। মূলত অজানা জ্বর বা নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে দু’টি পৃথক আইসোলেশন রুম এবং একটি বিশেষ ইউনিট চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রোগীর লালা পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং আইসোলেশন ওয়ার্ডে অভিজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার বন্দোবস্ত করা হচ্ছে।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস বলেন, শীতকালে খেজুরের রস পান থেকে নিপা সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। গাছের ডগায় বসানো খোলা মাটির হাঁড়িতে বাদুড় মুখ দিলে তাদের লালার মাধ্যমে ভাইরাস রসে ছড়িয়ে পড়তে পারে। তাই জেলার সাধারণ মানুষকে খেজুরের রস পান করা থেকে বিরত থাকা এবং যে কোনও ফল খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চললে ভয়ের কোনও কারণ নেই। জ্বর বা শারীরিক অস্বস্তি দেখা দিলে না লুকিয়ে হাসপাতালে দেখাতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ