Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বুনো শুয়োরের আক্রমণে ধূপগুড়িতে আহত ন’জন

উত্তরে দুর্যোগের পর লোকালয়ে বেড়েছে বন্যপ্রাণীদের আক্রমণ। গত কয়েকদিনে গন্ডার, বুনো শুয়োরের আক্রমণে বেশ কয়েকজনের মৃত্যু ও জখমের ঘটনাও ঘটেছে।

বুনো শুয়োরের আক্রমণে ধূপগুড়িতে আহত ন’জন
  • ১১ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

সংবাদদাতা, দেওয়ানহাট, মাথাভাঙা ও ধূপগুড়ি: উত্তরে দুর্যোগের পর লোকালয়ে বেড়েছে বন্যপ্রাণীদের আক্রমণ। গত কয়েকদিনে গন্ডার, বুনো শুয়োরের আক্রমণে বেশ কয়েকজনের মৃত্যু ও জখমের ঘটনাও ঘটেছে। শুক্রবার বুনো শুয়োরের আক্রমণে ধূপগুড়ি-২ গ্রাম পঞ্চায়েতে জখম হয়েছেন ৯ জন। এদিকে, কোচবিহারের পুণ্ডিবাড়িতে গন্ডারের আক্রমণে জখম হলেন দু’জন। ঘটনাটি ঘটেছে কোচবিহার-২ ব্লকের পুণ্ডিবাড়ি বাজারের সুভাষপল্লিতে। গুরুতর জখম দু’জনই বর্তমানে কোচবিহারের দু’টি নার্সিংহোমে চিকিৎসাধীন। জখমদের নাম বিভা কর ও দিলীপ দাস। গন্ডারটিকে অবশ্য ঘুমপাড়ানি গুলি করে চিলাপাতা জঙ্গলে ফেরত পাঠানো হলেও, বুনো শুয়োরকে ধরার চেষ্টা চলছে। একটি কুনকি হাতি সহ বনদপ্তরের কর্মীরা এলাকায় নজরদারি চালাচ্ছেন। 

Advertisement

শুক্রবার সকালে ধূপগুড়ি-২ গ্রাম পঞ্চায়েতে বুনো শুয়োরের আক্রমণে জখম হন ৯ জন। এদিন দিনভর ওই এলাকা দাপিয়ে বেড়ায় শুয়োরটি। এদিন ভোরে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বামনটারি এলাকায় ঢুকে পড়ে শুয়োরটি। একটি বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে কামড় দিয়ে পালিয়ে যায়। এরপর রাস্তায় থাকা দু’জনকেও জখম করে। তিনজনকেই উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সকাল ১০টা নাগাদ শুয়োরটিকে ধূপগুড়ির ঝাড় আলতাগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি সংলগ্ন এলাকায় দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায়। একে একে আক্রমণ চালায় ছ’জনকে। এছাড়া একটি গোরুকেও মেরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদপ্তরের কর্মী সহ ধূপগুড়ি থানার পুলিশ। যদিও লোকালয়ে আক্রমণ চালিয়ে ফের লুকিয়ে গিয়েছে শুয়োরটি। জখম ব্যক্তি পদ্ম রায়, মন্তেশ্বর রায় বলেন, কিছু বোঝার আগেই আমাদের কামড় বসিয়ে দেয়। মোরাঘাট রেঞ্জার চন্দন ভট্টাচার্য বলেন, আমরা এলাকায় কড়া নজরদারি চালাচ্ছি। 
এদিকে, এদিন ভোরে কোচবিহার-২ ব্লকের পুণ্ডিবাড়ি বাজারের সুভাষপল্লিতে বাড়ির পাশেই বিভা কর ফুল তুলতে  গিয়েছিলেন। সেসময় আচমকাই জঙ্গলে লুকিয়ে থাকা গন্ডার তাঁকে আক্রমণ করে। পরে দিলীপ দাসকেও আক্রমণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুণ্ডিবাড়ি থানার পুলিশ ও কোচবিহার বনবিভাগের  ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় সহ অন্য আধিকারিক সহ বনকর্মীরা। মাইকিং করে গোটা এলাকা ফাঁকা করে দেন বনকর্মীরা। পরবর্তীতে একটি বাড়ির পিছনে ওই এলাকার জলাশয়ে আশ্রয় নেয় গন্ডারটি। কয়েক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে ঘুম পাড়ানি গুলি করে বাগে নিয়ে আসতে সক্ষম হন বনকর্মীরা। পরে গন্ডারটিকে উদ্ধার করে চিলাপাতা জঙ্গলে নিয়ে গেলে স্বস্তি ফেরে গোটা এলাকায়। 
কোচবিহার বনবিভাগের এডিএফও বিজন নাথ বলেন, বৃহস্পতিবার রাত থেকেই আমরা গন্ডারটির উপর নজর রাখছিলাম। রাতে নদী পেরিয়ে সকালে পুণ্ডিবাড়িতে ঢুকে পরে। দু’জন জখম হয়েছেন। কয়েক ঘণ্টার চেষ্টায় লোকালয় থেকে গন্ডারকে উদ্ধার করে চিলাপাতা জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে। 
তবে মাথাভাঙায় এদিন বুনো শুয়োরটির দেখা মেলেনি। এদিন ঘোকসাডাঙার ভেলাকোবায় কুনকি হাতি নিয়ে বুনো শুয়োরের খোঁজে তল্লাশি চালানো হয়। প্রসঙ্গত, মঙ্গল ও বুধবার শুয়োরের আক্রমণে মৃত্যু হয়েছিল ভেলাকোবা ও খোপাটুলি এলাকার বাসিন্দা কাশিকান্ত বর্মন (৬২) ও ধীরেন বর্মন (৫০) নামে দুই ব্যক্তির। বনদপ্তরের মাথাভাঙার রেঞ্জার সুদীপ দাস বলেন, শুয়োরের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ