Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হাফ ডজন গোল হজম করে কাঁদলেন নেইমার

চোটের কারণে ২০১৪ বিশ্বকাপ সেমি-ফাইনালে দলে ছিলেন না তিনি। সেদিন গ্যালারিতে বসেই জার্মানির কাছে ব্রাজিলের ১-৭ গোলে হারের সাক্ষী থাকতে হয়েছিল নেইমারকে।

হাফ ডজন গোল হজম করে কাঁদলেন নেইমার
  • ১৯ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

রিও ডি জেনেইরো: চোটের কারণে ২০১৪ বিশ্বকাপ সেমি-ফাইনালে দলে ছিলেন না তিনি। সেদিন গ্যালারিতে বসেই জার্মানির কাছে ব্রাজিলের ১-৭ গোলে হারের সাক্ষী থাকতে হয়েছিল নেইমারকে। তবে এবার ক্লাব ফুটবলে ছয় গোলে হারের লজ্জায় মুখ পুড়ল ব্রাজিলিয়ান তারকার। রবিবার ব্রাজিল লিগে ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলে বশ মানল স্যান্টোস। আর দলের এমন হতশ্রী পারফরম্যান্সের জেরে মাঠেই কান্নায় ভেঙে পড়লেন নেইমার। শুধু তাই নয়, ম্যাচ শেষের এক ঘণ্টার মধ্যেই ছাঁটাই হলেন দলের হেড কোচ ক্লেবের হাভিয়ের। এই হারের ফলে অবনমনের আরও কাছে স্যান্টোস। ১৯ ম্যাচে মাত্র ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৫ নম্বর স্থানে রয়েছে তারা।

Advertisement

চলতি বছরের শুরুতে আল হিলাল ছেড়ে স্যান্টোসে যোগ দিয়েছিলেন নেইমার। লক্ষ্য ছিল, স্বদেশি ক্লাবের হয়ে খেলে ফের জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন তিনি। একইসঙ্গে ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে রবিবার হার সেই আশায় অনেকটাই জল ঢালল। নেইমার নিজেও চরম হতাশ। ম্যাচ শেষে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন সেলেকাও তারকা। তিনি বলেন, ‘আমি সত্যিই লজ্জিত। এমন হতশ্রী পারফরম্যান্স মোটেই কাঙ্ক্ষিত নয়। আমরা মোটেই ভালো খেলতে পারিনি। এর জন্য সমর্থকদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার রয়েছে। তাঁরা আমাদের অপমান করতেই পারেন। দীর্ঘ কেরিয়ারে এমন খারাপ আর লজ্জাজনক অভিজ্ঞতা আগে কখনও হয়নি। নিজের উপর রাগ হচ্ছে। হতাশায় কান্না চেপে রাখতে পারছি না। স্যান্টোসের জার্সির মর্যাদা রাখতে ব্যর্থ আমরা। আমাদের সকলের উচিত বাড়ি গিয়ে ঘুমানোর আগে ভাবা, এবার কী করব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ