Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনের বিষকাণ্ডে সারমেয়র মৃত্যু! মামলা দায়ের করল পুলিস

নিউটাউনে বিষকাণ্ডে চিকিৎসাধীন অবস্থায় এক পথ কুকুরের মৃত্যু হল। এখনও চারটি সারমেয় চিকিৎসাধীন।

নিউটাউনের বিষকাণ্ডে সারমেয়র মৃত্যু! মামলা দায়ের করল পুলিস
  • ২৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনে বিষকাণ্ডে চিকিৎসাধীন অবস্থায় এক পথ কুকুরের মৃত্যু হল। এখনও চারটি সারমেয় চিকিৎসাধীন। আরও চারটি কুকুরের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে পশুপ্রেমীদের পক্ষ থেকে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিস। এই ঘটনায় এলাকার লোকজন হতবাক। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। অন্যদিকে, বাগুইআটি থানার সামনে গাড়ি চাপা পড়ে একটি কুকুর ছানার মৃত্যুতে এফআইআর করেছেন থানারই এক কনস্টেবল।

Advertisement

নিউটাউনের অ্যাকশন এরিয়া-৩ এলাকায় গত ২০ জুন সকালে একসঙ্গে একাধিক পথ কুকুর অসুস্থ অবস্থায় পড়েছিল। পশুপ্রেমীরা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তার মধ্যে একটি সারমেয়র মৃত্যু হয়েছে। পশুপ্রেমীরাই ওই পথ কুকুরদের খাওয়াতেন। অভিযোগ, পরিকল্পনা করেই একসঙ্গে একাধিক সারমেয়কে বিষ খাওয়ানো হয়েছে। যেখানে ঘটনা ঘটেছে, সেখানে সিসি ক্যামেরা রয়েছে। তাই ওই ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখার দাবি উঠেছে। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, শনিবার বাগুইআটি থানার সামনে গাড়ির চাকায় পিষ্ট হয়ে একটি কুকুর ছানার মৃত্যু হয়েছে। সনৎ দে নামে থানার এক কনস্টেবল এ ব্যাপারে এফআইআর করেছেন। তাঁর অভিযোগ, নির্মমভাবে কুকুর ছানার উপর দিয়ে গাড়িটি চালিয়ে দেওয়া হয়েছে। অভিযোগপত্রে তিনি গাড়ির নম্বরও দিয়েছেন। এই ঘটনায় পুলিস মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ