Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় সদ্যোজাত শিশুপুত্র উদ্ধার, চাঞ্চল্য

সোমবার রাতে কালনা থানার পিণ্ডিরা গ্রামে রাস্তার ধারে ঝোপের মধ্যে এক সদ্যোজাত শিশুপুত্র পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

কালনায় সদ্যোজাত শিশুপুত্র উদ্ধার, চাঞ্চল্য
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: সোমবার রাতে কালনা থানার পিণ্ডিরা গ্রামে রাস্তার ধারে ঝোপের মধ্যে এক সদ্যোজাত শিশুপুত্র পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দা ও সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত শিশুটি সুস্থ রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। শিশুটি কারা ওখানে ফেলে রেখেছিল তা পুলিস তদন্ত করে দেখছে। 

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১০টা নাগাদ কালনা পিণ্ডিরা গ্রামের পূর্বপাড়ার রার্স্তা ধার থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান পথচলতি মানুষ। অনেকে দাঁড়িয়ে গিয়ে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তা খুঁজতে গিয়ে অবাক হয়ে যান। তাঁরা দেখেন রাস্তার ধারে একটি ঝোপের মধ্যে কচু পাতার উপর রক্তমাখা একটি সদ্যোজাত ফুটফুটে শিশুপুত্র হাত পা ছুঁড়ে কাঁদছে। স্থানীয় মহিলারা ছুটি আসেন। শিশুটিকে গরম কাপড়ে মুড়ে কোলে তুলে নেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় সিভিক ভলান্টিয়ার। অনেকে শিশুটিকে নেওয়ার জন্য আবেদন জানান। এরপর সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় শিশুটিকে কালনা হাসপাতালে ভর্তি করা হয়। 
এলাকার বাসিন্দা নৃসিংহদেব মণ্ডল বলেন, যেভাবে শিশুটি পড়ে ছিল তাতে আর একটু রাত হলেই শেয়াল, কুকুরে খেয়ে নিত। কেউ শিশুটি ফেলে গিয়েছে। শিশুটির মা এতটা পাষাণ তা ভাবতে পারছি না। আমরা চাই পুলিস তদন্ত করে ব্যবস্থা নিক। 
হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস বলেন, শিশুটির বয়স একদিন। যখন হাসপাতালে আনা হয়েছিল শ্বাসকষ্ট ছিল। হাসপাতালের পক্ষ থেকে এসএনসিইউ তে ভর্তি রেখে দ্রুত সবরকম চিকিৎসার ব্যবস্থা করা হয়। আপাতত শিশুটি সুস্থ রয়েছে। চাইল্ড লাইনকে বিষয়টি জানানো হয়েছে।
কালনা থানার এক পুলিস আধিকারিক বলেন, সোমবার রাতে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ