Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বৃহস্পতিবার সামনে নিউজিল্যান্ড, কম্বিনেশন ভাবাচ্ছে হরমনপ্রীতদের

ঘরের মাঠে মহিলাদের বিশ্বকাপে অন্যতম ফেভারিট বলে চিহ্নিত হচ্ছিল হরমনপ্রীত কাউরের দল। কিন্তু পরাজয়ের হ্যাটট্রিকে তীব্র সমালোচনার মুখে তারা। পাঁচ ম্যাচে পকেটে মাত্র ৪ পয়েন্ট।

বৃহস্পতিবার সামনে নিউজিল্যান্ড, কম্বিনেশন ভাবাচ্ছে হরমনপ্রীতদের
  • ২২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ঘরের মাঠে মহিলাদের বিশ্বকাপে অন্যতম ফেভারিট বলে চিহ্নিত হচ্ছিল হরমনপ্রীত কাউরের দল। কিন্তু পরাজয়ের হ্যাটট্রিকে তীব্র সমালোচনার মুখে তারা। পাঁচ ম্যাচে পকেটে মাত্র ৪ পয়েন্ট। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই উঠে গিয়েছে সেমি-ফাইনালে। তাৎপর্যপূর্ণ বিষয়, এই তিন দলের কাছেই লিগের ম্যাচে পর্যুদস্ত হয়েছে ভারতের প্রমীলা বাহিনী। তবুও বাকি একটি জায়গার জন্য দৌড়ে রয়েছেন স্মৃতি-রিচারা। লড়াইটা অবশ্য জোরদার। ভারত ও নিউজিল্যান্ড, উভয় দলেরই সমসংখ্যক ম্যাচে সংগ্রহ ৪ পয়েন্ট। তবে নেট রান-রেটে কিউয়িদের (-০.২৪৫) থেকে এগিয়ে টিম ইন্ডিয়া (০.৫২৬)। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অস্তিত্বের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। আর হরমনপ্রীতদের শেষ ম্যাচ রবিবার বাংলাদেশের বিরুদ্ধে।

Advertisement

সেমি-ফাইনালে উঠতে গেলে এই দুটো ম্যাচই জেতা জরুরি। কিন্তু নিউজিল্যান্ডের কাছে হারলেও ভারত বিদায় নেবে না। সেক্ষেত্রে শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতেই হবে। পাশাপাশি, আশা করতে হবে ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ডের পরাজয়ের। অন্যদিকে, নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের কাছে ভারত হেরে গেলে নেট রান-রেটে থাকবে নজর। নিউজিল্যান্ডের নেট রান-রেট যেন ভারতের চেয়ে কম থাকে, সেটা নিশ্চিত করতে হবে। আর কিউয়িরা যদি শেষ দুটো ম্যাচই জেতে, তবে তারাই উঠবে সেমি-ফাইনালে। মুশকিল হল, ইংল্যান্ডের বিরুদ্ধে হরমনপ্রীতদের পরাজয় মেনে নেওয়া কঠিন। ২৮৯ রান তাড়া করে মান্ধানা ও হরমনপ্রীত যখন খেলছিলেন, তখন আস্কিং রেট আয়ত্তের মধ্যে ছিল। কিন্তু একের পর এক ভুল শটে উইকেট উপহার দিয়ে আসেন হরমনপ্রীত, স্মৃতি, রিচা, দীপ্তিরা। উচিত ছিল শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করা। কিন্তু ভারতীয় দল হারাকিরি করার ভঙ্গিতে ম্যাচ উপহার দেয় বিপক্ষকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩০ রান তুলেও জিততে না পারা সমান যন্ত্রণার। লক্ষ্যণীয়, যে ম্যাচে টপ অর্ডার রান করছে, সেই ম্যাচে লোয়ার মিডল অর্ডার ব্যর্থ। একইভাবে উল্টোটাও সত্যি। বিশ্বকাপের মতো আসরে টিমগেমের অভাব ফুটে উঠছে প্রতি মুহূর্তে। তাছাড়া, ষষ্ঠ বিশেষজ্ঞ বোলার নিয়েও সমস্যা মেটেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে রেণুকা ঠাকুরকে খেলালেও তিনি দাগ কাটতে পারেননি। এজন্য জেমাইমা রডরিগেজকে বসাতে হয়। ফলে ব্যাটিং গভীরতাও কমেছে। তাই টিম কম্বিনেশন নিয়ে ভাবতে হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ