Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিগত সরকারের পঞ্চাশ শতাংশের কম কাজের নতুন টেন্ডার: নিশীথ

দুর্নীতিগ্রস্ত ঠিকাদার ও তাদের সংস্থাকে ব্ল্যাকলিস্ট করা হবে। মন্ত্রী হওয়ার পর শনিবার উত্তরকন্যায় এসে এমনই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক।

বিগত সরকারের পঞ্চাশ শতাংশের কম কাজের নতুন টেন্ডার: নিশীথ
  • ১৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দুর্নীতিগ্রস্ত ঠিকাদার ও তাদের সংস্থাকে ব্ল্যাকলিস্ট করা হবে। মন্ত্রী হওয়ার পর শনিবার উত্তরকন্যায় এসে এমনই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। শনিবার কলকাতা থেকে ফিরে সোজা শিলিগুড়ির উপকণ্ঠে কামারাঙাগুড়িতে থাকা মুখ্যমন্ত্রীর মিনি সচিবালয় উত্তরকন্যায় আসেন মন্ত্রী। দপ্তরের শীর্ষ আধিকারিক সঙ্গে কথা বলেন। বিভিন্ন ফাইলপত্র দেখেন। তৃণমূল সরকারের সময়ে চালু হওয়া যে প্রকল্পগুলির কাজ ৫০ শতাংশের কম হয়েছে তা বাতিল করে নতুন টেন্ডার করা হবে বলে জানান। তাতে কেউ মামলা করলে আইনি লড়াইয়ে দেখে নেওয়ার বার্তা দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। 

Advertisement

এদিন উত্তরকন্যার আধিকারিকদের আলাদা করে ডেকে তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনাও করেন। উত্তরবঙ্গজুড়ে কী কী প্রকল্পের কাজ চলছে, কোনো প্রকল্প মাঝপথে বন্ধ হয়ে আছে কি না সেব্যাপারেও খোঁজ নেন। পরে মন্ত্রী সাংবাদিকদের জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সাধারণ মানুষের দাবি মেনে চাহিদার ভিত্তিতে কাজ করবে। বিধায়করা তাঁদের এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, মানুষের সঙ্গে কথা বলে কাজের প্রস্তাব দেবেন। দলমত নির্বিশেষে চাহিদার ভিত্তিতে সেই কাজ করা হবে। 
এরপরেই মন্ত্রী নির্মাণ ও সংস্কারের নামে অনৈতিকভাবে যেসকল লেনদেন হয়েছে তার ফাইল খোলা হবে বলে হুঁশিয়ারি দেন। কোনোরকম দুর্নীতি মেনে নেওয়া হবে না বলে সাফ জানান। কোচবিহারের রবীন্দ্র ভবনের প্রসঙ্গ তুলে মন্ত্রী জানান, ওই ভবন নির্মাণ করতে ১ কোটি টাকার কিছু বেশি খরচ হয়েছিল। কিন্তু সংস্কারের জন্য ৮ কোটি টাকা খরচ! হতবাক হয়ে গিয়েছেন তিনি। এর পিছনে বিগত সরকারের মন্ত্রী-আমলা থেকে ঠিকাদাররা যুক্ত রয়েছেন বলে তাঁর বক্তব্য। এরপরেই তিনি বলেন, যে সকল ঠিকাদার বা তাদের সংস্থা অনৈতিকভাবে উন্নয়নের নামে টাকার বাড়তি লেনদেন করেছে, তা খতিয়ে দেখে তাদের কালো তালিকাভুক্ত করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ