রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা আগামী ৫ নভেম্বর
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৫ নভেম্বর নবান্ন সভাঘরে  রাজ্য সরকারের নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানিয়েছেন। রাজ্যে নতুন শিল্পস্থাপন করলে কী কী সুবিধা, ভরতুকি প্রভৃতি পাওয়া যাবে তা এই নীতিতে থাকবে। ফলে শিল্পমহল এদিকে তাকিয়ে আছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৫ তারিখের অনুষ্ঠানে শিল্পোদ্যাগীরাও থাকবেন। নতুন শিল্পনীতি তৈরির জন্য বিজেপি সরকার গঠনের পর মন্ত্রিগোষ্ঠী তৈরি করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, শিল্পমন্ত্রী তাপস রায় ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মূলত বিষয়টি দেখেছেন। তিনি তেমন হস্তক্ষেপ করেননি। দুই মন্ত্রীই কিছু মতামত দিয়েছেন। মন্ত্রিগোষ্ঠীর রিপোর্টে তা গৃহীত হয়েছে। বেদান্ত শিল্প গোষ্ঠীর কর্ণধার অনিল আগরওয়াল এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রী জানান, ওই সংস্থা আসানসোলে একটি ইউনিট স্থাপন করতে আগ্রহী। সেখানে স্থানীয় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এজন্য ওই সংস্থার কাছেই প্রয়োজনীয় জমি আছে। তবে কী ধরনের শিল্প তাঁরা এখানে করবেন মুখ্যমন্ত্রী এদিন তা জানাননি। মুখ্যমন্ত্রীর দাবি, বেদান্ত গোষ্ঠীর কর্ণধার তাঁকে বলেছেন, রাজ্যে বিজেপি সরকার এসেছে বলেই তিনি এখানে বিনিয়োগে আগ্রহী হয়েছেন। যে সাতটি রাজ্যে তাঁদের বিনিয়োগ আছে তার সবকটিই বিজেপিশাসিত। বিজেপি সরকারগুলি শিল্পবান্ধব হয় বলেই তাঁর মত। এদিকে, ৫ নভেম্বরই হুগলির পুরশুড়ায় একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে কিষান নিধি প্রকল্পের ২ হাজার টাকা দেওয়া হবে।  উপকৃত হবেন রাজ্যের ৫০ লক্ষাধিক কৃষক। মুখ্যমন্ত্রী জানান, পিএম কিষান নিধির আওতাভুক্ত কৃষকরাই এই টাকা পাবেন। ইতিমধ্যে তাঁরা কেন্দ্রীয় সরকারের দেওয়া দুটি কিস্তির টাকা পেয়েছেন। রাজ্য সরকারের নিজস্ব প্রকল্পের দুই কিস্তি ওইদিন দেওয়া হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। 

Advertisement