নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেয়ার বাজারে প্রথম দিনেই বাজিমাত করল জিও প্ল্যাটফর্মস। তাদের আইপিওতে শেয়ার পিছু দাম ছিল ১ হাজার ১১৯ টাকা। বুধবার শেয়ার বাজারে লিস্টিংয়ের পর দিনের শেষে দাম প্রায় ২৭ শতাংশ বাড়ল। এর ফলে রিলায়েন্সের এই সংস্থাটি বাজারমূল্যের নিরিখে দেশের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি হয়ে উঠল। বুধবার বিএসই ও এনএসই— দুটি শেয়ার বাজারেই বাজার খোলার পর ১ হাজার ৩৫৮ টাকায় লেনদেন শুরু করে শেয়ারটি। তা ছিল ইস্যু প্রাইসের থেকে ২১.৩৬ শতাংশ বেশি। বিএসই-তে তার দর সর্বোচ্চ ১৪২৩.৮০ টাকা পর্যন্ত ওঠে এবং শেষ পর্যন্ত ১৪১৭.৩৫ টাকায় বন্ধ হয়। বৃদ্ধির হার ২৬.৬৬ শতাংশ। এনএসই-তে বন্ধ হয় ১৪১৭.৫০ টাকায়। এর ফলে সংস্থার বাজার মূলধন দাঁড়ায় ১৩ লক্ষ কোটি টাকার বেশি। প্রথম দিনের সাফল্যের পর ভারতী এয়ারটেল, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংককে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিও প্ল্যাটফর্মস। দেশে এক নম্বরে থাকা কোম্পানি এখনও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যার বাজার মূলধন ১৫.৬৭ লক্ষ কোটি টাকা। তারপরই জায়গা করে নিল জিও প্ল্যাটফর্মস। জিও এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মিলিয়ে মোট বাজার মূলধন ২৮.৭২ লক্ষ কোটি টাকা। একইসঙ্গে ভারতী এয়ারটেল, যার বাজারমূল্য ১২.১৬ লক্ষ কোটি টাকা, তাকে পিছনে ফেলে দেশের সবচেয়ে বড়ো টেলিকম কোম্পানি হিসেবে উঠে এসেছে জিও প্ল্যাটফর্মস।



