সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: ময়নাগুড়ির অন্যান্য বিগবাজেটের পুজোগুলির সঙ্গে পাল্লা দিতে ময়দানে নেমে পড়েছে নিউ ময়নাগুড়ি রেলওয়ে দুর্গাপুজো কমিটি। এবছর এদের পুজোর ৫৮তম বর্ষ। ময়নাগুড়ির রেল কলোনির মাঠে পুজোর আয়োজন করা হয়েছে। এবার মণ্ডপ তৈরি করছেন শিল্পী অজিত মল্লিক। আলোকসজ্জায় ধূপগুড়ির শিল্পী। প্রতিমা নিয়ে আসা হবে জলপাইগুড়ি থেকে।
পুজো কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন সুদীপ্ত বিশ্বাস। সহ সভাপতি অমিতকুমার নিরালা, সম্পাদক হলোধর বর্মন, সহ সম্পাদক কাজল দে। কোষাধ্যক্ষ প্রমোদকুমার রাউত, সহ কোষাধ্যক্ষ রমেশ কুমার। পুজো কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, ৫৮ বছর আগে তৎকালীন রেলের আধিকারিক ও কর্মীরা পুজোর দিনগুলি নিজেদের মধ্যে আনন্দে মেতে উঠতে দুর্গাপুজো করার পরিকল্পনা নেন। সকলে মিলে শুরু করেন দুর্গাপুজো। এরপর থেকে এই পুজো হয়ে আসছে। পুজোর দিনগুলি প্রত্যেকে আনন্দে মেতে ওঠেন। আড্ডা ও গল্পের আসর বসে। প্রতিমা ষষ্ঠীতে নিয়ে আসা হয়। সপ্তমীতে ভোগের আয়োজন করা হয়। অষ্টমীর দিন মহাভোগের আয়োজন করা হয়। সেদিন রেলের কোয়ার্টারে হাঁড়ি চড়ে না। প্রত্যেক ঘরে ঘরে ভোগ পাঠানো হয়। পাশাপাশি কলোনির পার্শ্ববর্তী এলাকাতেও ভোগ বিতরণ করা হয়।
পুজো কমিটির সম্পাদক ও সহ সম্পাদক বলেন, নবমীতে আমাদের পুজো মণ্ডপের সামনে রেলে চাকুরি করা কর্মীদের পরিবারদের নিয়ে বিশেষ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দশমীতে সিঁদুর খেলা হয়। এই পুজোর জন্য আমরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। - নিজস্ব চিত্র।