সংবাদদাতা, ময়নাগুড়ি: আজ থেকে প্রায় ৩০ বছর আগে স্বপ্নে দেখা দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এমনকি স্বপ্নের মধ্যে নেতাজিকে পুজো করার নির্দেশও পেয়েছিলেন তিনি। এমনই দাবি অসমের এক বাসিন্দার। নাম সুশীল দেবনাথ। সেই স্বপ্নের পর থেকেই আজ পর্যন্ত একই ভাবে বছরের পর বছর ধরে নেতাজিকে ভগবান রূপে পুজো করে আসছেন তিনি। বর্তমানে তার বয়স ৮০।
সুশীল জানান, প্রথমবার স্বপ্নে নেতাজিকে দেখার পর বিষয়টি তিনি তাঁর স্ত্রীকে জানান। কিন্তু প্রথমদিকে তাঁর স্ত্রী এই বিষয়টি বিশ্বাস করতে চাননি। কয়েকদিন পর ফের স্বপ্নে নেতাজির দেখা দেন বলে দাবি করেন সুশীলবাবু। তারপর থেকেই পুজো শুরু করেন তিনি। পরে অসম ছেড়ে উত্তরবঙ্গে চলে আসেন সুশীল। বর্তমানে ময়নাগুড়ির সাহাপাড়া এলাকায় রেলের জমিতে বাড়ি করে স্ত্রী, ছেলে এবং নাতি-নাতনিদের নিয়ে থাকেন তিনি। দিন মজুরি করে জীবন যাপন তাঁর। বয়সের ভার বাড়ার সত্ত্বেও এতদিন ধরে নিজের বিশ্বাস ও ভক্তিকে আঁকড়ে ধরে নেতাজির পুজো চালিয়ে যাচ্ছেন। তাঁর এই কাণ্ডে তাজ্জব সকলেই।