নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সিঙ্গুরে টাটা প্রকল্পের জমিতে শিল্পস্থাপন নিয়ে সরকারি উদ্যোগ শুরু হয়েছে। আর তা নিয়েই আশা ও আশঙ্কার দোলায় দুলছে সিঙ্গুরের কৃষক মহল। কার্যত বন্ধ্যা হয়ে যাওয়া জমি ফের বিক্রির সম্ভাবনা কৃষক মহলের মনে নতুন উৎসাহ জোগাচ্ছে। অন্যদিকে, অনেকেরই দাবি, টাটা কোম্পানির সঙ্গে আইনি জটিলতার পর্ব এখনো মেটেনি। সেক্ষেত্রে সরকারি উদ্যোগে বা শিল্পপতিদের উদ্যোগে জমি বিক্রি নিয়ে সংশয় থাকছে। এর বাইরেও কৃষক মহলের একটি বড়ো অংশ জমি বিক্রির পাশাপাশি চাকরির দাবিও রাখতে চান। তবে ওই বিষয়ে সরকারি নীতি এখনো স্পষ্ট নয়। ফলে, সরকারি তরফে নানা উদ্যোগের কথা শোনা গেলেও কৃষকদের ধোঁয়াশা কাটছে না।
কৃষক মহল্লার সেই আশা ও আশঙ্কার দ্বন্দ্বের কথা নিয়ে অকপট প্রবীণ কৃষক অসিত জ্যোতি। গোপালনগর মৌজার কৃষক বলেন, শিল্প সম্ভাবনা তৈরি হওয়ায় ফের সরকারি উদ্যোগে জমি নেওয়ার প্রসঙ্গ আসবে। তাতে কৃষকরা উপকৃতই হবেন। শিল্পস্থাপন হলেও নানা সুযোগ তৈরি হবে। তাতেও কৃষকদের তো বটেই সিঙ্গুরের সার্বিক নাগরিকদের জন্য সুবিধার পরিবেশ তৈরি হবে। কিন্তু কৃষক মহল্লায় কিছু আশঙ্কাও আছে। আমরা সরকারের তরফে ওই বিষয়ে স্পষ্ট নীতির অপেক্ষা করছি।
বেড়াবেড়ি মৌজার এক প্রবীণ কৃষক বলেন, তৃণমূল জমানায় কৃষকরা জমি বেচে টাকা পেয়েছেন। আবার পরে জমিও ফিরে পেয়েছেন। সেই নিরিখে দ্বিতীয়বার জমি বিক্রি হলে আমাদের লাভই হবে। কিন্তু সমস্যা হচ্ছে, টাটার সঙ্গে সরকারির চুক্তি এবং মামলার বিষয়টি এখনও নিষ্পত্তি হয়েছে কি না, আমরা জানি না। ফলে, আদৌ জমি বিক্রি করা যাবে কি? জমির সঙ্গে চাকরিও প্রয়োজন। তা নিয়ে স্পষ্ট ঘোষণা এখনও মেলেনি।
বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টেপাধ্যায় বলেন, নতুন সরকার তৈরির পরেই শিল্পস্থাপনের তৎপরতা তৈরি হয়েছে। তা থেকেই বোঝা যায় আমাদের সরকার কতটা কর্মতৎপর ও শিল্পবান্ধব। আমরা সার্বিকভাবে কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দেব, সেটাই বারবার বলা হয়েছে। সিঙ্গুর তো বটেই বাংলার উন্নতির প্রয়োজনেই শিল্প করা প্রয়োজন।
২০০৬-০৭ সালে তদানীন্তন বামফ্রন্ট সরকার সিঙ্গুরে শিল্পের জন্য ৯৯৭ একর জমি নিয়েছিল। তা নিয়ে আন্দোলন ও তার ফলশ্রুতি বাংলার আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিসরে বিরাট প্রভাব ফেলেছিল। তাৎপর্যপূর্ণভাবে সেইসময় বিঘে প্রতি তিন লক্ষ টাকা করে কৃষকরা পেয়েছিলেন। বর্তমানে সরকারিভাবেই জমির দাম বিঘে প্রতি প্রায় ১২ লক্ষ টাকা হয়েছে। অন্যদিকে, বেসরকারিভাবে জমির দাম হয়েছে, প্রায় ২০লক্ষ টাকা। এই মূল্যবৃদ্ধিও কৃষকদের কাছে একটি বড়ো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও অধিকাংশ কৃষকই সাবেক অধিগৃহীত জমিতে চাষ করা নিয়ে আজও দ্বিধায় আছেন। সব মিলিয়ে সিঙ্গুরের শিল্পসম্ভাবনাকে ঘিরে আশা ও আশঙ্কা, দুইয়ের দোলাচলে সিঙ্গুর দুলছে।



