নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: আর অল্প কিছুদিনের অপেক্ষা। সাংসদ শতাব্দী রায়ের সৌজন্যে সাঁইথিয়ার ক্রীড়াপ্রেমী মহল নতুন ইন্ডোর স্টেডিয়াম পেতে চলেছে। ইতিমধ্যেই স্টেডিয়ামের অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে গিয়েছে। বর্তমানে কাঠের পাটাতন বসানোর কাজ চলছে। সেই কাজ শেষ হতেই পুরসভার তরফে বরাদ্দ টাকায় স্টেডিয়ামের ইন্ডোর আলোয় সেজে উঠবে। নয়া স্টেডিয়ামটি মূলত ব্যাডমিন্টন প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে। সেইসঙ্গে সেখানে রাজ্য ও জাতীয়স্তরের টুর্নামেন্টও আয়োজিত হবে। এছাড়াও, আগামীতে ওই স্টেডিয়ামে টেবিল টেনিসের প্রশিক্ষণের বন্দোবস্তও করা হবে। পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত বলেন, সাংসদ তহবিলের বরাদ্দ টাকায় স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়েছিল। তবে সেই টাকা পর্যাপ্ত না হওয়ায় পুরসভার নিজস্ব তহবিল থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সেই টাকায় স্টেডিয়ামের ভিতরে আলোকসজ্জার কাজ করা হচ্ছে। অতি দ্রুত সাঁইথিয়ার ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য স্টেডিয়ামের দরজা খুলে দেওয়া হবে।
পুর এলাকার ১৪নম্বর ওয়ার্ডে রয়েছে কামদাকিঙ্কর স্টেডিয়াম। তবে ব্যাডমিন্টনের প্রশিক্ষণ এবং টুর্নামেন্টের জন্য সরকারিভাবে স্থায়ী কোনও ঠিকানা নেই। শহরের একমাত্র উন্মুক্ত স্টেডিয়াম অবশ্য টেবিল টেনিসের জন্য আদর্শ নয়। সেক্ষেত্রে প্রতি বছরই সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফে স্টেডিয়াম চত্বরেই প্যান্ডেল করে রাজ্য ও জাতীয়স্তরের ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হতো। পুরসভার সহযোগিতায় সেই প্যান্ডেলেই টুর্নামেন্ট চলত। এই পরিস্থিতিতে সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফে একসময় ইন্ডোর স্টেডিয়ামের দাবি ওঠে। শহরের ক্রীড়াপ্রেমী মহলও সেই দাবিতে সরব হয়েছিল। বিষয়টি নজরে আসতেই সাংসদ তড়িঘড়ি টাকা বরাদ্দ করেন। প্রায় ৪৮ লক্ষ টাকা খরচে কামদাকিঙ্কর স্টেডিয়ামের পাশেই নয়া ইন্ডোর স্টেডিয়াম গড়ে উঠতে শুরু করেছে। প্রায় ৩৫ফুট উচ্চতার ওই স্টেডিয়ামের উপরে থাকছে টিনের ছাউনি। স্টেডিয়ামের চারদিক টিন দিয়ে ঘেরা থাকছে। স্টেডিয়ামটি আয়তনে খুব বেশি বড় না হলেও দর্শকদের বসার সুনির্দিষ্ট আসন থাকবে।
স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়েছিল প্রায় পাঁচ মাস আগে। এখন তা প্রায় শেষের দিকে। পুরসভার তরফে জানা গিয়েছে, আগামীতে ওই স্টেডিয়ামে রাজ্য ও জাতীয়স্তরের টুর্নামেন্ট আয়োজিত হবে। এছাড়া, স্থায়ীভাবে সেখানে ব্যাটমিন্টন অনুশীলনের বন্দোবস্ত করা হবে। টেবিল টেনিসের প্রশিক্ষণও দেওয়া হবে। প্রশিক্ষণের দায়িত্ব থাকবে সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের কাঁধে। অ্যাসোসিয়েশনের সম্পাদক পিনাকীলাল দত্ত বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। ব্যাটমিন্টন প্রশিক্ষণের জন্য এবার স্থায়ী ঠিকানা গড়ে উঠেছে। আমরা সাংসদ ও পুরসভার চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই। আগামীতে ওই স্টেডিয়ামে টেবিল টেনিসের প্রশিক্ষণের বন্দোবস্তও করা হবে।