Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জনসংযোগ নিবিড় করতে নয়া অ্যাপ ‘সরাসরি সাংসদ’

সাংসদকে এবার যে কোনও সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন বারাকপুরবাসী।

জনসংযোগ নিবিড় করতে নয়া অ্যাপ ‘সরাসরি সাংসদ’
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সাংসদকে এবার যে কোনও সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন বারাকপুরবাসী। সেটা রাস্তা ভাঙা বা জল জমার মতো নাগরিক পরিষেবা হোক, বা অন্য কোনও সমস্যা, এবার সরাসরি তা সাংসদকে জানানোর সুযোগ পাবেন সকলে। এজন্য ‘সরাসরি সাংসদ’ নামে একটি অ্যাপ চালু হতে চলেছে। গুগল প্লে স্টোর থেকে ওই অ্যাপ ডাউনলোড করতে হবে বারাকপুরবাসীকে। তারপর সেখানে নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পর সমস্যার কথা জানাতে পারবে মানুষ।

Advertisement

বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও তাঁর অফিসের লোকেরা অ্যাপটির উপর নিয়মিত নজর রাখবেন। মানুষের সমস্যার কথা শুনবেন, এবং সমাধান হলে তা জানিয়েও দেবেন। তবে এই অ্যাপের একটি অন্যতম দিক হল, এখানে একটি প্যানিক বোতাম থাকবে। বারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে কোনও মহিলা সমস্যায় পড়লে সেই প্যানিক বোতামে চাপ দিয়ে তা জানাতে পারবেন। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানার আইসির মোবাইলে তাঁর লোকেশন চলে যাবে। সঙ্গে সঙ্গে পুলিস ব্যবস্থাও নিতে পারবে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই এই ধরনের অ্যাপ চালু করেছিলেন। সেই পথে হাঁটছেন পার্থ ভৌমিকও।
গত লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্রে অর্জুন সিংকে পর্যুদস্থ করে নির্বাচিত হয়েছেন পার্থ ভৌমিক। তিনি নিয়মিত জনসংযোগের উপর বিশেষ জোর দিয়েছেন। ভাটপাড়াতে একটি সাংসদ অফিসও খুলেছেন। বারাকপুরেও একটি অফিস হতে চলেছে। এরই মধ্যে মানুষ যেন সমস্যার কথা সরাসরি তাঁকে জানাতে পারে, সেজন্য সরাসরি সাংসদ নামে এই অ্যাপ চালু করতে চলেছেন। দুই-একদিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। বারাকপুর লোকসভা কেন্দ্রের ১৫ লক্ষের বেশি ভোটার রয়েছে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই বিপুল সংখ্যক মানুষের আরও কাছে পৌঁছনোর চেষ্টা করছেন পার্থ ভৌমিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ