চেন্নাই: জায়ান্ট কিলার আফগানিস্তানের বিরুদ্ধে জয় এসেছে দাপটে। রশিদ খানদের বিরুদ্ধে ৫ উইকেটে সেই সাফল্য আত্মবিশ্বাস বাড়াচ্ছে নিউজিল্যান্ডের। টিম সেফার্টের ঝোড়ো ব্যাটিং, গ্লেন ফিলিপসের পরিণত ইনিংস ভরসা জোগাচ্ছে। বল হাতে লকি ফার্গুসন গতির তুফান তুলেছেন। মঙ্গলবার চিপকে গ্রুপ ডি’র ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মিচেল স্যান্টনার বাহিনী জয়ের সেই ধারা অক্ষুণ্ণ রাখতে মরিয়া। কিউয়িদের পরের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তার আগে পকেটে চার পয়েন্ট তুলে রাখতে চাইছে ব্ল্যাক ক্যাপসরা।
সুখের সংসারে অবশ্য কিছুটা উদ্বেগ আনছে ফিন অ্যালেন, রাচীন রবীন্দ্রর ফর্ম। তবে গত ম্যাচে আক্রমণাত্মক সেফার্টের পাশাপাশি ফিলিপস যেভাবে কন্ডিশন অনুসারে ধৈর্য দেখিয়ে দলকে টেনেছেন, তা স্বস্তি দিচ্ছে। আমিরশাহিকে অবশ্য হাল্কাভাবে নিচ্ছে না নিউজিল্যান্ড। ছোট দলগুলি যেভাবে শক্তিশালী বিপক্ষকে চাপে ফেলেছে, তা দেখে সতর্ক তারা। আমিরশাহির অধিনায়ক মহম্মদ ওয়াসিম, আলিশান শারাফু, জুনেদ সিদ্দিকিরা এই ফরম্যাটে রীতিমতো দক্ষও। ওয়াসিমের তো ৩ হাজার রানও রয়েছে এই ঘরানায়।
মঙ্গলবার নয়াদিল্লির কোটলায় মুখোমুখি নেদারল্যান্ডস-নামিবিয়া। গ্রুপ ‘এ’তে নামিবিয়ার এটাই প্রথম ম্যাচ। নেদারল্যান্ডস অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরেছে। তবে একসময় জেতার মতো অবস্থায় পৌঁছে গিয়েছিল ডাচরা। শেষ পর্যন্ত অভিজ্ঞতার অভাবে হারতে হয় স্কট এডওয়ার্ডসদের। নামিবিয়ার বিরুদ্ধে কাগজকলমে তারাই এগিয়ে।
নেদারল্যান্ডস: নামিবিয়া (সকাল ১১টা)
নিউজিল্যান্ড : আমিরশাহি (দুপুর ৩টেয়)
* সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।