নয়াদিল্লি, ২৮ অক্টোবর: ইজরায়েলের নির্বাচনে প্রাক্তন সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের বিরুদ্ধে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। তবে এক্সিট পোলের পূর্বাভাস অনুযায়ী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো জোটই পাবে না। ফলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে ইতিমধ্যেই।
ইজরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, প্রথম এক লক্ষ ভোট গণনার পর নেতানিয়াহুর লিকুদ পার্টি প্রায় ২৭ শতাংশ ভোট পেয়েছে। অপরদিকে আইজেনকটের নেতৃত্বাধীন পরিবর্তনপন্থী জোট পেয়েছে প্রায় ১৭ শতাংশ ভোট। প্রাথমিক পূর্বাভাসে বিরোধী জোট সামান্য এগিয়ে থাকলেও, সংশোধিত সমীক্ষায় দুই শিবিরই প্রায় ৫১টি করে আসন পেতে পারে বলে ইঙ্গিত মিলেছে। পাশাপাশি আরব-নেতৃত্বাধীন দলগুলি পেতে পারে বাকি ১৮টি আসন। নেতানিয়াহুর জোটের আসন কমার পিছনে, অতি ডানপন্থি দলগুলির সঙ্গে তাঁর জোট এবং অতি-অর্থোডক্স ইহুদিদের সামরিক পরিষেবা থেকে ছাড় দেওয়ার বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে। ভোটের পর সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে নেতানিয়াহু ডানপন্থি সরকার গঠনের প্রতিশ্রুতি দেন। অপরদিকে আইজেনকট দাবি করেন, ফলাফল নেতানিয়াহুর প্রতি জনসাধারণের আস্থার অভাবের ইঙ্গিত দিচ্ছে। তিনি দ্রুত নতুন সরকার গঠনের আশ্বাসও দেন। তবে আরব দলগুলির সমর্থন নেওয়া নিয়ে বিরোধী শিবিরের মধ্যেই মতভেদ রয়েছে। তাদের সমর্থন ছাড়া সরকার গঠন কঠিন হতে পারে। পরিস্থিতি জটিল হলে ইজরায়েলে ফের নির্বাচন হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রায় ৭৮ শতাংশ ভোটদানের খবর পাওয়া গিয়েছে। শেষমেষ চূড়ান্ত ফল প্রকাশের পরই স্পষ্ট হবে শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে ইজরায়েলের ক্ষমতা।



