নিরাপত্তা পরিষদে নতুন সদস্যদের ভেটো ক্ষমতার পক্ষে বার্তা ভারতের
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই সওয়াল করছে ভারত। আরও কয়েকটি দেশ এই তালিকায় রয়েছে। তবে ভেটোর ক্ষমতা বাদ দিয়ে পরিষদের স্থায়ী সদস্যদের নতুন শ্রেণি তৈরির চেষ্টা নিয়ে সতর্ক করে দিয়েছে নয়াদিল্লি। এব্যাপারে ভারতের সাফ বার্তা, এমন হলে তা নতুন স্থায়ী সদস্য দেশগুলিকে ‘দ্বিতীয় শ্রেণি’তে পর্যবসিত করবে। কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি বর্তমান পাঁচটি সদস্য দেশের হাতেই ক্ষমতা কুক্ষিগত থাকে, তাহলে অবস্থার কোনো বদল ঘটবে না। বর্তমানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স এবং চীন। এছাড়া ১০টি অস্থায়ী সদস্যপদ রয়েছে। ঘুরিয়ে-ফিরিয়ে দেশগুলি ২ বছরের জন্য অস্থায়ী সদস্য হতে পারে। কিন্তু ওই ১০টি দেশের ভেটো দেওয়ার ক্ষমতা নেই। সোমবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ‘ভেটো’ সংক্রান্ত বিতর্কসভায় ভারতের স্থায়ী দূত হরিশ পর্বতানেনি জানান, নিরাপত্তা পরিষদের সংস্কারের পর সকল স্থায়ী সদস্যের হাতে ভেটোর ক্ষমতা থাকা আবশ্যিক। ন্যায়বিচারের খাতিরেই সকল স্থায়ী সদস্যের জন্য সমান অধিকার ও দায়িত্ব থাকা প্রয়োজন। 

Advertisement