সৌদি আরবে ফের হামলা হুথিদের, আগুন বৃহত্তম তেল শোধনাগারে
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিয়াধ: সৌদি আরবে ফের হামলা চালাল হুথিরা। ইরানের মদতপুষ্ট ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, মঙ্গলবার তারা সৌদির বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরা লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। এর ফলে পারস্য উপসাগর সংলগ্ন ওই শোধনাগারে আগুন লেগে যায়। শোধনাগার সংলগ্ন বন্দরেও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রাস তানুরাতে প্রতিদিন ৫ লক্ষ ৫০ হাজার ব্যারেল তেল শোধন হতে পারে। হুথিদের আক্রমণে বড়োসড়ো ক্ষয়ক্ষতি হলে আন্তর্জাতিক তেল বাজারেও প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে, সৌদি কর্তৃপক্ষের তরফে এখনও হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। শুধু তেল শোধনাগার নয়, নাজরান বিমানবন্দরেও এয়ার স্ট্রাইক চালানো হয়েছে বলে দাবি হুথিদের। তারা জানিয়েছে, নাজরানে রাখা দুটি যুদ্ধবিমানকে টার্গেট করা হয়েছিল। খামিস মুশাইটে বায়ুসেনা ঘাঁটিতেও হামলা হয়। বাব এল-মানদেব প্রণালীর কাছে সৌদি-সমর্থিত বাহিনীকেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ভারী অস্ত্র ব্যবহার করে আটকে দেওয়া হয়েছে বলে হুথিদের দাবি।

Advertisement

এদিকে, ইরাকের রাজধানী বাগদাদের আকাশে দুটি ড্রোনকে গুলি করে নামিয়েছে নিরাপত্তা বাহিনী। সেই সময় প্রবল বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়ায়। ইরাকি সেনা সূত্রে জানা গিয়েছে, বাগদাদের গ্রিন জোন এলাকায় ড্রোন দুটিকে চিহ্নিত করার পরই মার্কিন দূতাবাসের এয়ার ডিফেন্স সিস্টেম চালু করা হয়। দুটি এলাকা থেকে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। সেগুলি কারা ছুড়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে, ইরানের নৌসেনা দাবি করেছে, হরমুজ প্রণালীতে পেতে রাখা মাইন বিস্ফোরণে একটি তেল ট্যাঙ্কারে আগুন লেগে যায়। ওই ট্যাঙ্কারটি বেআইনিভাবে হরমুজ পার হচ্ছিল।