কাঠমাণ্ডু, ২৭ অক্টোবর: শৃঙ্গ জয়ের আনন্দ নিয়ে নেমে আসার কথা ছিল বেস ক্যাম্পের দিকে। বিশ্বের অন্যতম দুর্গম পর্বতশৃঙ্গ আমা দাবলাম সফলভাবে জয়ও করেছিলেন তিনি। কিন্তু সেই পর্বত জয়ের অনন্দ মুহূর্তেই বদলে গেল মর্মান্তিক পরিণতিতে। নেপালের ৬,৮১২ মিটার উঁচু আমা দাবলাম থেকে নামার সময় মৃত্যু হল ভোল্ফগাং ওয়াশিচেক নামক এক জার্মান পর্বতারোহীর।
সূত্রের খবর, গত ২৫ অক্টোবর আমা দাবলাম শৃঙ্গের চূড়ায় পৌঁছেছিলেন জার্মান পর্বাতারোহী এবং তাঁর গাইড সোনাম লামা। ওই দিনই তাঁরা ফিরে আসেন ৬,২০০ মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্পে। পরের দিন, সোমবার সকালে, নেমে আসার প্রস্তুতি চলাকালীন আচমকাই নিখোঁজ হয়ে যান সেই জার্মান পর্বতারোহী। অভিযানের আয়োজক সংস্থার সূত্রে জানা যায়, সোমবার সকালে ধার করা কিছু সরঞ্জাম ফেরত দিতে সাময়িকভাবে ক্যাম্প এলাকা ছেড়েছিলেন গাইড সোনাম লামা। তার আগে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম নিয়ে অপেক্ষা করতে বলেছিলেন ওয়াশিচেককে। কিন্তু কয়েক মিনিট পর ফিরে এসে তাঁকে আর খুঁজে পাননি লামা। এর পরেই শুরু হয় খোঁজাখুঁজি। উদ্ধারকারী দল হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি শুরু করে। পরে প্রায় ৪,৫০০ মিটার উচ্চতায় ওয়াশিচেকের নিথর দেহ খুঁজে পায় উদ্ধারকারীরা। সেখান থেকে কাঠমাণ্ডুতে নিয়ে যাওয়া হয় দেহটি। কিন্তু মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি বলেই সূত্রের খবর। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
উল্লেখ্য, নেপালের খুম্বু অঞ্চলে মাউন্ট এভারেস্টের কাছেই অবস্থিত আমা দাবলাম। ৬,৮১২ মিটার উচ্চতার এই শৃঙ্গ হিমালয়ের অন্যতম পরিচিত পর্বতশৃঙ্গ। প্রতি বছর শরৎকালে, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে, বহু পর্বতারোহী এই শৃঙ্গ অভিযানে যান। তবে শৃঙ্গটি যতটা আকর্ষণীয়, ততটাই বিপজ্জনক। শৃঙ্গ জয় করার পরও তাই বিপদ কাটে না। বরং দুর্গম পথ দিয়ে নেমে আসার সময়ও সতর্কতা ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



