সংবাদদাতা, বারুইপুর: যৌন নির্যাতনের ভিডিও তুলে রেখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে এক নাবালিকাকে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। পরিবারের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জয়নগর থানার পুলিস। ধৃতের নাম ভণ্ডুলে সর্দার। বয়স ৫০। পাঁচদিন পুলিস হেফাজত হয়েছে প্রৌঢ়ের।
জয়নগর থানার বাসিন্দা ভণ্ডুলে সর্দারের পাড়ার মধ্যে একটি চপ-চায়ের দোকান আছে। অভিযোগ, সপ্তাহ দুয়েক আগে ওই পাড়ারই ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে প্রথমে খাবারের লোভ দেখিয়ে বাগানে টেনে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে যুবক। পাশাপাশি সেই ভিডিও তুলে রেখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে নাবালিকাকে একাধিকবার যৌন নির্যাতন করা হয়। নির্যাতিতা শারীরিক কষ্ট সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। তারপরেই নাবালিকা তার মাকে সব ঘটনা জানায়। বৃহস্পতিবার বিকেলে জয়নগর থানায় অভিযোগ করেন নাবালিকার মা। অভিযোগ পেয়েই জয়নগর থানার পুলিস বৃহস্পতিবার রাতে অভিযুক্ত ভণ্ডুলেকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তর কড়া শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার।



